রাজধানীতে সাঁড়াশি অভিযান
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৭ পিএম
ছবি : সংগৃহীত
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় জোরদার করা হয়েছে পুলিশি কার্যক্রম। এরই পরিপ্রেক্ষিতে এক দিনে মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৫৬ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ডিএমপিসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সমন্বিত চেকপোস্ট ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।
ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের তথ্য জানিয়ে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ঢাকার ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে ডিএমপির ৫৫০টি টহল টিম দায়িত্ব পালন করে। এছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি ৬৫টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়। তিনি জানান, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপির টহল টিমের পাশাপাশি মহানগরীর বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে সিটিটিসির ১৪টি, অ্যান্টি-টেরোরিজম ইউনিটের (এটিইউ) ১২টি এবং ডিএমপির সঙ্গে র্যাবের ১০টি টহল টিম দায়িত্ব পালন করে। এ ছাড়া ডিএমপির সঙ্গে পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন ২০টি চেকপোস্ট পরিচালনা করে।
তালেবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৩ জন ডাকাত, ৩২ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, ছয়জন চাঁদাবাজ, ১৯ জন চোর, ২৮ জন চিহ্নিত মাদক কারবারি ও ৪১ জন পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি রয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিভিন্ন অপরাধে ব্যবহৃত পাঁচটি চাকু, একটি ছুরি, একটি বাটাল, একটি প্রাইভেটকার, একটি স্কুটি, একটি মোটরসাইকেল, একটি অটোরিকশা, একটি ওয়াকিটকি, পুলিশের দুটি ভুয়া আইডি কার্ড, ছয়টি মোবাইল ফোন ও নগদ ১১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া ১৪ হাজার ৯১৩ পিস ইয়াবা, ১ কেজি ৬৬০ গ্রাম গাঁজা, এক লিটার দেশীয় মদ ও ৪ দশমিক ৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৬৫টি মামলা হয়েছে।