প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৯ পিএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৩৭ পিএম
শুক্রবার রাতে রাজধানীর খিলগাঁওয়ে লাগা আগুন দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ছবি : প্রবা
রাজধানীর খিলগাঁও এলাকার তালতলা চৌরাস্তার পাশে একটি গ্যারেজ পট্টিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের সম্মিলিত চেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।
তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে প্রথমে দুটি ইউনিট কাজ শুরু করে। পরবর্তীতে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের আরও আটটি ইউনিট। তাদের সম্মিলিত চেষ্টায় রাত ৯টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, স'মিল থেকে আগুন পাশের গ্যারেজ পট্টিতে ছড়িয়ে পড়ে। পরে গ্যারেজে থাকা বিভিন্ন গাড়িতে আগুন লেগে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় আতঙ্কে আশপাশের মানুষ ছোটাছুটি করতে থাকে। উৎসুক জনতার ভিড়ে ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণ কার্যক্রম চালাতে সমস্যার মুখে পেতে হয়।
প্রথমে গ্যারেজের এক কোণে আগুন লাগে। পরবর্তী সময়ে একটি বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে। ভেতরে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ আছেন কি-না, এ বিষয়ে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ওই এলাকায় একটি গাড়ির গ্যারেজ ও রবারের কাঁচামালের গোডাউন রয়েছে। কিছু গাড়ি বের করা সম্ভব হলেও অনেক গাড়ি পুড়ে গেছে। ভেতরে অনেক সিলিন্ডার রয়েছে।
প্রত্যক্ষদর্শী ইউসুফ নামের এক শিক্ষার্থী জানান, আগুনে স’ মিলের ৮ থেকে ১০ লাখ টাকার কাঠ পুড়ে গেছে। স’মিলের ভেতরে প্রাইভেট কার ও মোটরসাইকেল সার্ভিসিংয়ের একটি শো-রুম ছিল। ওই শো-রুমের ভেতরে সার্ভিসিংয়ের জন্য রাখা ৮ থেকে ১০টি প্রাইভেট কার পুড়ে গেছে। বেশ কিছু মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া বিভিন্ন শো-রুম এর বেশ কিছু রিকন্ডিশন্ড গাড়িও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়াতে পারে।
এখানে ১৬টি সার্ভিসিং-এর দোকানের মধ্যে ১৪টি পুড়ে গেছে। এসব দোকানে বিভিন্ন ব্যক্তির মোটরসাইকেল সার্ভিসিং-এর জন্য রাখা ছিল। শুক্রবার হাওয়ায় দোকান মালিকরা গাড়িগুলো ভেতরে রেখেই পিকনিকে যান।
এদিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে ছুটে আসেন সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা। আগুন নিয়ন্ত্রণের পর উদ্ধার কার্যক্রমে যোগ দেয় সেনাবাহিনী।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, খিলগাঁও তালতলা মার্কেটের পাশে ও খিলগাঁও মডেল কলেজের বিপরীতে টুটুলের ওয়ার্কশপ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই আগুন ছড়িয়ে টুটুলের ওয়ার্কশপসহ মোট ৯টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের মধ্যে আটটি ওয়ার্কশপ ও একটি স-মিল রয়েছে। আগুনের সময় কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, ওয়ার্কশপে থাকা বিভিন্ন গাড়ির সিলিন্ডার আগুনের কারণে বিস্ফোরিত হয়।