প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৯ পিএম
প্রতীকী ছবি
রাজধানীর হাতিরঝিল লেক থেকে এক স্কুলছাত্রীর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে হাতিরঝিলে ফেলে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান।
এর আগে রবিবার স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। সে দক্ষিণখানের একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত।
গ্রেপ্তাররা হলেন- মো. রবিন ও মো. রাব্বি। রবিন পেশায় একজন গাড়িচালক। রাব্বি মৃধা নির্দিষ্ট কোনো পেশা নেই।
ডিসি রওনক জাহান বলেন, নিহত স্কুলছাত্রী গত ১৬ জানুয়ারি কেনাকাটা করার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। ১৯ জানুয়ারি দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। এরই পরিপ্রেক্ষিতে ২৭ তারিখে একটি মামলা করেন নিহতের বাবা। মামলার তদন্তে নেমে স্কুলছাত্রীর ফোন নম্বরের সূত্র ধরে ৩০ জানুয়ারি রবিন নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। রবিনের দেওয়া তথ্যের ভিত্তিতে রাব্বি মৃধা নামের আরও এক যুবককে গ্রেপ্তার করা হয়। দুইজনকে গ্রেপ্তারের পর সিএমএম আদালতে হাজির করা হলে তাদের দুইদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের বরাতে ডিসি জানান, দুই যুবক পুলিশের কাছে স্বীকার করেন, পাঁচজন মিলে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন। এতে তার মৃত্যু হলে মরদেহ হাতিরঝিলে ফেলে দেওয়া হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই রবিবার ওই স্কুলছাত্রীর মরদেহ হাতিরঝিল থেকে উদ্ধার করেছে পুলিশ।
স্কুলছাত্রীর হত্যার দায় স্বীকার করে সোমবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন রবিন ও রাব্বি মৃধা। তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।