প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ১৪:৩০ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫ ১৪:৩৪ পিএম
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি : সংগৃহীত
বইমেলা ঘিরে প্রতিবারের মতো এবারও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার নিরাপত্তা ও পরিকল্পনা নিয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
কোনো বইয়ে উস্কানিমূলক কথা যেন না থাকে তা দেখতে বাংলা একাডেমিকে পরামর্শ দেওয়া হয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘পুলিশের পাশাপাশি র্যাব ও গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য বাহিনীও বইমেলার নিরাপত্তায় সহযোগিতা করবে। একটি কন্ট্রোল রুম করা হয়েছে। সার্বক্ষণিক পুলিশ থাকবে। রাতেও সিনিয়র অফিসার থাকবে। পুরো বইমেলাকে সিসিটিভির আওতায় আনা হয়েছে।’
বইমেলায় শিশুদের জন্য ব্রেস্ট ফিডিং সেন্টার করা হয়েছে জানিয়ে কমিশনার আরও বলেন, ‘কোনো বিস্ফোরক দ্রব্য বা মাদক যাতে মেলার মধ্যে না ঢুকতে পারে সেজন্য তল্লাশি চলবে, ডগ স্কোয়াডও কাজ করবে।’
তিনি বলেন, ‘মেলা চলাকালীন বিশ্ববিদ্যালয় এলাকায় রাতে বা দিনে কোনো ভারী যান চলতে পারবে না। দর্শনার্থীদের উপস্থিতি বিবেচনা করে দোয়েল চত্বর সিগন্যাল কখনও খোলা বা বন্ধ রাখা হবে।’
সাম্প্রতিক আন্দোলনের বিষয়ে ছোটখাটো দাবিদাওয়া নিয়ে রাস্তা অবরোধ না করতেও অনুরোধ জানিয়ে তিনি প্রয়োজনে ফুটপাতে দাঁড়ানোর পরামর্শ দেন।
আওয়ামী লীগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা কর্মসূচি দিতেই পারে। তবে তা মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে পুলিশ। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে কোনো শঙ্কা দেখছি না।’