প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫ ০৮:২৬ এএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৫ ১০:৪৩ এএম
ছবি : সংগৃহীত
রাজধানীর মিরপুর-৬ নম্বরে প্রশিকা মোড়ে বাটার শোরুমে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় রাত সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে নির্বাপণকাজ এখনও চলমান রয়েছে।
জানা যায়, রবিবার রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর মিরপুর–৬ নম্বরে জুতার ব্র্যান্ড বাটার একটি শোরুমে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় রাত ১২টা ২ মিনিটে। এরপর মোট তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরও তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় রাত সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
রাফি আল ফারুক বলেন, মিরপুর ফায়ার স্টেশনের তিনটি, কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। নির্বাপণকাজ এখনও চলমান রয়েছে। তবে আগুন ছড়িয়ে পড়ার কোনো শঙ্কা নেই।
ফায়ার সার্ভিস আরও জানায়, প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। শ্বাস নিতে কষ্ট হয়েছে ফায়ার ফাইটারদের। ভবনটির নিচতলায় বাটা শোরুমের দোকান ও ওপরে দুটি রেস্টুরেন্ট রয়েছে।
তবে আগুনের কারণ এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।