প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪ ২২:২৩ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪ ২২:২৭ পিএম
ফাইল ছবি
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন আজ মঙ্গলবার জমা দেওয়া হবে প্রধান উপদেষ্টার কাছে। আজ সোমবার এই প্রতিবেদন দেওয়ার কথা ছিল। তবে প্রাথমিকভাবে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষ না হওয়ায় কমিটি প্রতিবেদন দিতে পারেনি।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তদন্ত কমিটির বৈঠক শেষে কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি সাংবাদিকদের এ তথ্য জানান।
অন্যদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় সচিবালয়ের নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পিওএম-দক্ষিণ বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
গত ২৫ ডিসেম্বর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ আগুনের পর গঠিত তদন্ত কমিটির প্রধান নাসিমুল গণি প্রাথমিক প্রতিবেদনের বিষয়ে গতকাল সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকগুলো দল একসঙ্গে কাজ করছে। সেনাবাহিনী, পিডব্লিউডি, বুয়েটের টিম, পুলিশ, আইসিটির লোকজন কাজ করছে। সবাই টিম হয়ে কাজ করছি। তাদের থেকে আলামত সংগ্রহ করে সেগুলো আলোচনা করে একটা কনক্লুশনে আসার চেষ্টা করছি যে, প্রাথমিকভাবে কী বলা যায়। সেটা করতে গিয়ে আমরা দেখতে পারছি কিছু জিনিসের ল্যাব টেস্ট করা হয়েছে। আজ সোমবার কিছু আলামত নেওয়া হয়েছে। সেগুলোও টেস্ট করা হচ্ছে। আমাদের প্রাথমিকভাবে ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তবে আমরা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কিছুক্ষণ আগে আরও এক দিনের সময় চেয়ে নিয়েছি। কারণ কিছু টেস্ট সোমবার রাতে হবে। সেগুলো হলে আমরা আবার বসে একটা প্রাথমিক ধারণা নিতে পারব।
মঙ্গলবার প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়া হবে কি না জানতে চাইলে সিনিয়র সচিব নাসিমুল গণি বলেন, আমরা আশা করছি বিকাল ৫টার মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিতে পারব। যদি পারি এর আগে হয়ে গেলে তো দিয়েই দেব। তবে আমরা বিকাল ৫টা পর্যন্ত সময় নিয়েছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আগেই বলেছি, কিছু আলামত পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদেশে পাঠানো হবে। এটা আমাদের আগেই সিদ্ধান্ত নেওয়া ছিল। যেখানে এসব পরীক্ষার সুযোগ আছে সেখানেই পাঠানো হবে।
প্রাথমিক তদন্তে কি পাওয়া গেল এমন প্রশ্নে কমিটির প্রধান বলেন, আমি বলতে পারব না। চূড়ান্ত প্রতিবেদন কতদিনের মধ্যে দেওয়া হবেÑ সে বিষয়ে তিনি বলেন, সেটাও এই মুহূর্তে বলা যাচ্ছে না। বিদেশে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য আলামত যাবে এবং আসবে। এতে কিছু সময় লাগবে। তবে যত দ্রুত সম্ভব আমরা সেটা করব।
গত ২৫ ডিসেম্বর রাতের আগুনে সচিবালয়ের ৭ নম্বর ভবনের পুড়ে যাওয়া চারটি তলায় ছয়টি মন্ত্রণালয় ও বিভিন্ন বিভাগের অফিস ছিল। ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে পুরোপুরি নেভাতে সময় লাগে প্রায় ১০ ঘণ্টা। এই ঘটনা তদন্তে ৮ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ।
২০০ কক্ষ ক্ষতিগ্রস্ত
আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতি তুলে ধরে গণপূর্তের উপসহকারী প্রকৌশলী আব্দুল মান্নান ভূঁইয়া গতকাল সাংবাদিকদের বলেন, আগুনে সচিবালয়ের ৭ নম্বর ভবনের চারটি ফ্লোরের প্রায় ২০০টি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কীভাবে আগুন লেগেছে সেটি তদন্ত শেষে বলা যাবে। ভবনটি সংস্কার করে ব্যবহার উপযোগী করা যাবে কি না, সেটাও পরীক্ষা-নিরীক্ষা করার পর বোঝা যাবে। এ ব্যাপারে চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর স্পষ্ট হবে সংস্কার সম্ভব কি না। সম্ভব হলে কত দিন লাগতে পারে, সেটিও তদন্ত রিপোর্টের ওপর নির্ভর করবে।
নিরাপত্তার দায়িত্বে থাকা ডিসিকে বদলি
অগ্নিকাণ্ডের ঘটনায় সচিবালয়ের নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে ঢাকা মহানগর পুলিশের পিওএম-দক্ষিণ বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। গত রবিবার এ আদেশ জারি করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আদেশে তানভীরের জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপির উপ-কমিশনার মোহাম্মদ বিল্লাল হোসেনকে। তিনি পিওএম-দক্ষিণ বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
উল্লেখ্য, পবিত্র ওমরাহ পালন করতে ডিসি তানভীর ১৫ দিনের ছুটি নিয়ে স্ত্রী-সন্তানসহ সৌদি আরবে অবস্থান করছেন। গত ২২ ডিসেম্বর সপরিবারে তিনি ঢাকা ছাড়েন। দেশে ফিরে আগামী ৪ জানুয়ারি তার কর্মস্থলে যোগ দেওয়ার কথা। তানভীরের ছুটির সময়ে সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে ছিলেন অতিরিক্ত উপ-কমিশনার আবু সাঈদ।
পোড়া ভবন ব্যবহার উপযোগী করা সম্ভব
আগুনে পুড়ে যাওয়া ৭ নম্বর ভবন সংস্কার করে ব্যবহার উপযোগী করা সম্ভব বলে মনে করছেন সচিবালয়ে অবস্থিত ইডেন ভবন গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মান্নান ভূঁইয়া। গতকাল অগ্নিদগ্ধ ভবনের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ ধারণা ব্যক্ত করেন।
তিনি বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে আমরা গণপূর্তের লোকজন এসেছিলাম, আমাদের খুব বেশি দেরি হয়নি। ফায়ার সার্ভিসকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করেছি। ভবনের প্রতিটি ফ্লোরে ৪০ থেকে ৫০টি করে কক্ষ রয়েছে। চারটি ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও পরিপূর্ণ, কোথাও আংশিক ক্ষতি হয়েছে।
ভবনটি ব্যবহার উপযোগী থাকবে কি নাÑ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উচ্চ পর্যায়ে অনেক টিম এ পর্যন্ত তদন্ত করেছে। বিশেষজ্ঞ টিম যে মতামত দেবে সে অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। তবে প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে, ভবনটি মেরামত করা যাবে। বাকিটা তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও ভবনটি গণপূর্তের কাছে হস্তান্তর করেনি জানিয়ে আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, যখন অ্যাসেসমেন্ট করে ক্ষয়ক্ষতির বিষয়ে প্রতিবেদন দেবে তখন আমরা বুঝতে পারব এটি সংস্কার করতে কত দিন লাগবে। অগ্নিকাণ্ডের ক্ষেত্রে গণপূর্ত বিভাগের কোনো গাফিলতি বা অবহেলা ছিল না বলে দাবি করেন তিনি।
৫ দিন পর সচিবালয়ে প্রবেশের অনুমতি সাংবাদিকদের
অগ্নিকাণ্ডের পাঁচ দিন পর গতকাল দুপুরে সচিবালয়ে প্রবেশের অনুমতি পেয়েছেন সাংবাদিকরা। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাস পেয়ে সচিবালয়ে প্রবেশের জন্য সকাল থেকে সেখানে যান সাংবাদিকরা। কিন্তু অনুমতি না পাওয়ায় তারা সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থান নেন। অনেক সংবাদকর্মী এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
গত রবিবার দুপুরে সচিবালয় বিটের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নেতাদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আশ্বাস দেন, সোমবার থেকে অস্থায়ী পাস নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে ঢুকতে পারবেন।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামও সাংবাদিকদের একই কথা জানান। এর পরিপ্রেক্ষিতে অস্থায়ী পাসের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সাংবাদিকদের তালিকা দেওয়া হয়। কিন্তু সকাল থেকে প্রবেশের জন্য সাংবাদিকরা সচিবালয়ের গেটে অবস্থান করলেও তারা প্রবেশ করতে পারেননি। পরে দুপুর ২টার দিকে সীমিত সংখ্যক সাংবাদিককে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়।