প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪ ১২:৩৬ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪ ১২:৫০ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর উত্তরায় ১২ নম্বর সেক্টরে একটি ছয় তলা ভবনের নিচতলায় রেস্টুরেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে এরই মধ্যে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট। তবে ধোঁয়ায় আচ্ছন্ন পুরো ভবন, এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
অন্যদিকে নিচতলায় আগুনের ফলে ভবনের ওপরে থাকা বেশ কয়েকজন আটকা পড়েছে। তাদের উদ্ধারেও কাজ করছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানায়, লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ পাওয়ার পর সকাল ১০টা ৪৪ মিনিটে পৌঁছে তা নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা। উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন বলেন, সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার। প্রথমে ঘটনাস্থলে আমাদের আটটি ইউনিট যায়। পরে আরেকটি ইউনিট যোগ দেয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।