প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪ ১৩:৫৮ পিএম
বিশ্বের ১২৬টি শহরের মধ্যে আজ শুক্রবার বায়ুদূষণে শীর্ষে রয়েছে ঢাকা। একিউআই এর বাতাসের মান সূচকে এ সময় ঢাকার স্কোর ২৬২। বায়ুর এই মান ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২১৭ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ভারতের রাজধানী দিল্লি।
আজ ঢাকা ও আশপাশের যে তিন স্থানে দূষণ বেশি তার মধ্যে আছে ঢাকার মার্কিন দূতাবাস (৩০৮), পুরান ঢাকার বেচারাম দেউড়ি (২৯৩) ও ইস্টার্ন হাউজিং (২৮৩)।
শুক্রবার সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান একিউআই বায়ুদূষণের এই তথ্য তাদের ওয়েবসাইটে হালনাগাদ করেছে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।
মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু।
স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।