প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪ ১১:১৮ এএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৪ ১১:৩১ এএম
ছবি : সংগৃহীত
জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরী। শুক্রবার (২৯ নভেম্বর) ইসকনকে নিষিদ্ধের দাবি ও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে হবে এ বিক্ষোভ সমাবেশ।
এর আগে বৃহস্পতিবার জামিয়া রাহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুরে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।
বৈঠকে নেতারা বলেন, দেশের পরাজিত শক্তি হিন্দুদের একটি অংশকে ব্যবহার করে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। এর অংশ হিসেবে দেশ অস্থিতিশীল করার অপতৎপরতা চালাচ্ছে ইসকন। মঙ্গলবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যেভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে, তাকে গৃহযুদ্ধ বাধানোর অপপ্রয়াস ছাড়া আর কী বলা যেতে পারে?
বৈঠকে ইসকনকে নিষিদ্ধের দাবি এবং আলিফ হত্যার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে পতিত ফ্যাসিবাদী ও তাদের প্রভুদের পাতানো সাম্প্রদায়িক উস্কানির ফাঁদে পা না দিতে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা।
এ সময় মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা মামুনুল হক, মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা জালালুদ্দীন, মুফতি বশিরুল্লাহ, মুফতি মুনির হুসাইন কাসেমী, মুফতি কেফায়াতুল্লাহ আজহারী, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা মহিউদ্দিন মাসুম, মাওলানা জুবায়ের আহমাদ, মুফতি আজহারুল ইসলাম, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা এনামুল হক মুসা, মুফতি কামাল উদ্দীন, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা আবদুল মালেক, মাওলানা শরিফ উল্লাহ, মুফতি আমিনুল ইসলাম কাসেমী, মাওলানা সানাউল্লাহ খান, মাওলানা শরিফ হোসাইন, মাওলানা বশিরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।