প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪ ১০:০৭ এএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৪ ১০:৫১ এএম
ছবি : সংগৃহীত
চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানায় সংগঠনটি।
মঙ্গলবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এ আহ্বান জানান।
বিবৃবিতে নেতারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল ধরে হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানে এ দেশে বসবাস করে আসছে। তবে এ শান্তি ও স্থিতিশীলতা ধ্বংস করার ষড়যন্ত্র চলছে দীর্ঘদিন ধরে। বিশেষ করে ৫ আগস্ট সংঘটিত গণঅভ্যুত্থান ব্যর্থ করার অপচেষ্টা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নস্যাৎ করার ষড়যন্ত্রের অংশ হিসেবে ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসন করতে সন্ত্রাসী সংগঠন ইসকন ধারাবাহিকভাবে উস্কানিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।
সম্প্রতি সনাতনী জাগরণ মঞ্চ তথা ইসকনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। শুধু তাই নয়, তারা আদালত প্রাঙ্গণে অবস্থিত মসজিদেও হামলা চালিয়ে দেশের ধর্মীয় সহাবস্থান ও সহমর্মিতার পরিবেশ চরমভাবে আঘাত করেছে। আমরা এ জঘন্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই।
নেতৃবৃন্দ আরও বলেন, ‘ইসকন সন্ত্রাসীদের এ ন্যক্কারজনক হামলা শুধু একটি নিরপরাধ মানুষের জীবনই কেড়ে নেয়নি; বরং দেশের বিচারব্যবস্থা, আইনের শাসন এবং যুগ যুগ ধরে চলে আসা ধর্মীয় সহাবস্থানের পরিবেশ অস্থিতিশীল করারই একটি অপপ্রয়াস। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ইসকন কোনো ধর্মীয় সংগঠন নয়, তারা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না। তাদের সব কর্মকাণ্ড দেশবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ডেরই অংশ। আজকের নির্মম হত্যাকাণ্ড তার আরেকটি জঘন্য প্রমাণ।’
আলিফ হত্যার বিচার দাবি করে বিবৃবিতে বলা হয়, ‘আমরা এ ঘটনার সঙ্গে জড়িত সব সন্ত্রাসীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। সেই সঙ্গে এ ধরনের দেশবিরোধী কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।’
শেষে ছাত্রশিবিরের নেতাকর্মীসহ দেশবাসীকে কোনো প্রকার উস্কানিতে পা না দিয়ে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানানো হয়।