× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জানালেন বদিউল আলম

তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে সবাই একমত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪ ০৮:৪৫ এএম

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪ ০৮:৪৬ এএম

ড. বদিউল আলম মজুমদার। ছবি: সংগৃহীত

ড. বদিউল আলম মজুমদার। ছবি: সংগৃহীত

বাতিল হয়ে যাওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার প্রস্তাবের ইঙ্গিত দিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।  রবিবার (২৪ নভেম্বর) নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কমিশনের বৈঠক শেষে তিনি বলেন, নাগরিক সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষক প্রতিনিধিদের সবাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করার বিষয়ে একমত হয়েছেন।

সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে নাগরিক সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষক প্রতিনিধিরা সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে সংলাপে অংশ নেন। সংলাপ শেষে বদিউল আলম মজুমদার আলোচনার বিষয়গুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেন। কমিশনের সদস্য আবদুল আলীম, জেসমিন টুলী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামান, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সভায় অংশ নেন।

গত ৫ আগস্ট অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে গত ৩ অক্টোবর সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদারকে প্রধান করে আট সদস্যবিশিষ্ট সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। ৯০ দিনের মধ্যে এই কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার কথা।

বদিউল আলম বলেন, আমরা ডায়লগ করেছি, খোলামেলা কথা বলেছি। তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করেননি কেউ। তিনি বলেন, নির্বাচন কমিশনকে স্বাধীন করতে হবে, শক্তিশালী করতে, বিশেষ করে আর্থিক স্বাধীনতা দিতে হবে। নির্বাচন কমিশনকে সরকারের অধীনে আরেকটা সরকার হতে হবেÑ এমনভাবে তারা শক্তিশালী হবে। রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে দেশও গঠন হবে না বলে মন্তব্য করেন তিনি। 

বদিউল আলম বলেন, অতীতের নির্বাচন কমিশনগুলো যে কলঙ্কজনক নির্বাচন করেছে বা পাতানো নির্বাচন করেছেÑ এটা করার মাধ্যমে তারা শপথ ভঙ্গ করেছে, সংবিধান ভঙ্গ করেছে; এজন্য তাদের বিচারের আওতায় আনার কথা সবাই বলেছে। আজকে যারা এসেছেন, তারা অনেক অভিজ্ঞ গবেষক। আমরা তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করেছি। নাগরিক সমাজের যারা এসেছেন, তারা সবাই ‘না’ ভোটের বিধান চালু করার কথা বলেছেন। রাজনৈতিক দলগুলোর মধ্য গণতন্ত্র প্রতিষ্ঠা করার দাবি জানিয়েছেন। 

কমিশনপ্রধান বলেন, জাতীয় সংসদে নারীদের জন্য সরাসরি আসন থাকতে হবে এবং প্রত্যক্ষ নির্বাচন হতে হবে। অনেকে সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোটের ব্যবস্থা করার কথা বলেছেন এবং নারীর জন্য সরাসরি আসন থাকতে হবে ও প্রত্যক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে আমরা যে ঘূর্ণায়মান পদ্ধতির কথা বলেছি, তা-ও হতে পারে, অন্য পদ্ধতিও হতে পারে। সংলাপে নির্বাচন কমিশনের আইন পরিবর্তন করা, পিআর সিস্টেমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। 

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে বদিউল আলম মজুমদার বলেন, সরাসরি নির্বাচনের কথা অনেকে বলেছেন। রাষ্ট্রপতির পদকে আরও শক্তিশালী করার কথা বলেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা