প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪ ১৪:৫৫ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৪ ১৬:১১ পিএম
রাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। প্রবা ফটো
রাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। এতে শুক্রবার (২২ নভেম্বর) দুপুরের দিকে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের কারণে নারায়ণগঞ্জ কমিউটার নামে একটি ট্রেন আটকা পড়েছে। এ ছাড়া নকশীকাঁথা কমিউটার নামে একটি ট্রেন ঢাকা ছাড়তে পারছে না। চালকদের অবরোধে আপাতত ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-মাওয়া-পদ্মা সেতু রেল চলাচল বন্ধ রয়েছে।
বিক্ষোভকারীদের দাবি, হাইকোর্ট থেকে অটোরিকশা বন্ধে যে নির্দেশনা দেওয়া হয়েছে তা প্রত্যাহার করতে হবে। যতক্ষণ পর্যন্ত অটোরিকশা চালানোর অনুমতি না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এ কর্মসূচি চলবে।
এর আগে ১৯ নভেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মেট্রোপলিটন এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে রুলও জারি করেন আদালত।
হাইকোর্টের আদেশের পরদিন থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশার চালকরা।
গতকাল বৃহস্পতিবার মহাখালী রেললাইনসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন তারা। এতে স্থবির হয়ে পড়ে রাজধানীর বিভিন্ন সড়ক। অবরোধের কারণে প্রায় ৬ ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল।