× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাদপন্থিদের সুযোগ দিলে ‘ঢাকা অচলের’ হুঁশিয়ারি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪ ১৯:২৫ পিএম

আপডেট : ১২ নভেম্বর ২০২৪ ১৯:৪৩ পিএম

সাদপন্থিদের সুযোগ দিলে ‘ঢাকা অচলের’ হুঁশিয়ারি

ঢাকার কাকরাইল মসজিদ ও টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠে তাবলিগ জামাতের সাদপন্থিদের সুযোগ দিলে ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা অচলের হুঁশিয়ারি দিয়েছে জুবায়েরপন্থি হিসেবে পরিচিত অপর পক্ষ।

মঙ্গলবার (১২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে তাবলিগ জামাতের জুবায়েরপন্থিদের এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন মাওলানা ফজলুল করিম কাসেমী। ‘দাওয়াত ও তাবলিগের হেফাজতের লক্ষ্যে’ ওলামা-মাশায়েখ বাংলাদেশ এই সংবাদ সম্মেলন করে।

তিনি বলেন, মাওলানা ইলিয়াসের কর্মপদ্ধতি অনুসরণকারী জুবায়েরপন্থিরা বাদে তাবলিগ জামাতের অন্য কোনো পক্ষ নেই। সাদপন্থিদের ‘হাদিসের অপব্যখ্যাকারী’ আখ্যায়িত করে তাদের দাওয়াত ও তাবলিগে অংশগ্রহণ করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

তাবলিগ জামাতের দুই পক্ষ দিল্লির মাওলানা সাদ কান্ধলভি এবং বাংলাদেশের কাকরাইল মারকাজের মাওলানা জুবায়ের আহমদের অনুসারীদের বিরোধের শুরু ২০১৯ সালে।

আগে এক মঞ্চ থেকে একবারই বিশ্ব ইজতেমা হলেও মতভেদের কারণে দুই পক্ষ বিশ্ব ইজতেমা দুবারে করার সিদ্ধান্ত নেয়। মধ্যে কোভিড মহামারির কারণে ইজতেমা দুই বছর বন্ধও রাখা হয়। পরে ২০২২ সাল থেকে ফের ইজতেমা হচ্ছে দুই পর্বের আয়োজনে।

এর মধ্যেই গত ৫ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের ‘ওলামা-মাশায়েখদের ইসলামি মহাসম্মেলন’ থেকে সাদপন্থিদের নিষিদ্ধ করাসহ ৯ দফা দাবি জানান জুবায়েরপন্থিরা। যারা নিজেদের ‘শুরায়ে নিজাম’ পরিচয় দিয়ে থাকেন।

পরদিন সংবাদ সম্মেলন করে বিশ্ব ইজতেমায় তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্ধলভির উপস্থিতি নিশ্চিত করার দাবি জানান তার অনুসারীরা।

ফজলুল করিম বলেন, “সন্ত্রাসী সাদপন্থিদের নতুন কোনো ষড়যন্ত্রের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে কাকরাইল মসজিদ কমপ্লেক্স ও টঙ্গী ইজতেমার ময়দান শতকরা ৯০ ভাগ ওলামাপন্থি তাবলিগের সাথীদের পরামর্শে ‘শুরায়ে নিজাম’-এর জিম্মায় ছেড়ে দিতে হবে। অন্যথায় ২৪ ঘণ্টার নোটিসে ঢাকা অচল হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।” একই সঙ্গে সাদপন্থিদের ‘তওবা করে’ ‘দ্বীনের সহি’ পথে ফিরে আসার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা