বাদাবন সংঘের বৈঠক
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪ ১৩:৫৭ পিএম
আলোচনা সভায় বক্তব্য রাখেন খুশি কবির। প্রবা ফটো
সরকার বৈষম্যবিরোধী রাষ্ট্রে সংস্কারের জন্য বিভিন্ন কমিশন গঠন করেছে। পাশাপাশি যেন পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নারী তৃতীয় লিঙ্গের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়, তার জন্য সরকারের সঙ্গে একত্র হয়ে সংবিধানে মানবাধিকারের বিষয়টি নিয়ে কাজ করার তাগিদ দিয়েছেন বিশিষ্ট মানবাধিকারকর্মী এবং নিজেরা করির সমন্বয়ক খুশী কবির।
গতকাল সকাল ৯টায় রাজধানীর আসাদগেটে ওয়াইডব্লিউসিএ কনফারেন্স হলে বাদাবন সংঘ আয়োজিত একটি গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় আলোচনার মূল বিষয় ছিল নারীর ভূমির মালিকানা প্রাপ্তিতে সীমাবদ্ধতা ও করণীয়। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)-এর নির্বাহী পরিচালক শামসুল হুদা, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. ঈশানী চক্রবর্তী, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)-এর উপনির্বাহী পরিচালক রওশন জাহান মনি।
বাদাবন সংঘ ২০১৬ থেকে স্থানীয় পর্যায়ে নারীর সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সভায় গবেষণাপত্র উপস্থাপন করেন ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মুমিতা তানযীলা। গবেষণার আলোকে বক্তারা বলেন, বাংলাদেশে নারীর ভূমিতে মালিকানা অনেকটাই পিছিয়ে আছে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উত্তরাধিকার আইন থাকলেও তার বাস্তবায়ন নেই। এ ছাড়া আইনগুলো বৈষম্যমূলক, যা জাতি ধর্ম নির্বিশেষে সমান নয়। প্রান্তিক নারীদের নেত্রী পারভীন হালিম বলেন, জমির দলিল সহজবোধ্য নয়, ফলে নারীরা অধিকারপ্রাপ্তির লড়াইয়ে বেশি দূর এগোয় না। ঈশানী চক্রবর্তী বলেন, ভূমিতে নারীর অধিকার প্রতিষ্ঠা করা মানে হলো বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা।
সভার প্রধান অতিথি খুশী কবির বলেন, ভূমিতে নারীর অধিকার ধর্মীয় আইন দ্বারা পরিচালিত হয়ে থাকে, ফলে দেখা যায় নারী ও সংখ্যালঘু মানুষেরা বৈষ্যম্যের শিকার হয়। এক্ষেত্রে অভিন্ন পারিবারিক আইন করলে সমান অধিকার প্রতিষ্ঠিত হবে। তিনি আরও বলেন, সংগঠনই শক্তি, সংগঠনই মুক্তি। তাই তৃণমূল থেকে সব পর্যায়ের নারীদের সংগঠিত করে ভূমিতে নারীর সমঅধিকার আদায়ের দাবি তুলতে হবে এবং সবার সম্মিলিত প্রচেষ্ঠায় একদিন বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।