প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪ ১৪:২৫ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪ ১৮:২৩ পিএম
পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত
রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতেই রাষ্ট্রপতির অপসারণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ ছাড়া দেশের কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ব্যাপারে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়নি বলেও জানান তিনি।
রবিবার (২৭ অক্টোবর) সচিবালয়ে পলিথিন বন্ধ এবং পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করার বিষয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
পাটের ব্যাগ উৎপাদনে ঘাটতি হলে, পাট উৎপাদনের অনুমতি দেওয়া হবে না এবং রপ্তানি নিয়ন্ত্রণ করা হবে বলে উৎপাদনকারী ও ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়েছেন অবসরপ্রাপ্ত ব্রি. জে. এম সাখাওয়াত হোসেন।
সম্প্রতি রাষ্ট্রপতির পদত্যাগের প্রক্রিয়া কী, এ বিষয়ে সংবিধানেইবা কী রয়েছে- এসব নিয়ে সর্বত্র আলোচনা-সমালোচনার নতুন ঝড় ওঠে।
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। কিন্তু এখন স্পিকার নেই। আবার রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হলে সংসদের দুই-তৃতীয়াংশের সই ও ভোট লাগবে। কিন্তু এখন সংসদও নেই। এ অবস্থায় রাষ্ট্রপতি পদে শূন্যতা, দেশে নতুন সংকট সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্টজনের।
পরিবেশ ও বন উপদেষ্টা বলেন, রাষ্ট্রপতির অপসারণ বিষয়ে রাজনৈতিক ঐকমত্য সৃষ্টি করা হবে। এ বিষয়ে এটাই সরকারের অবস্থান।
এদিকে আগের সরকার প্রধান পদত্যাগ করেই দেশ ত্যাগ করেছেন এবং এটি নিয়ে বিতর্ক করার কিছু নেই বলেও প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।
যেভাবেই হোক, কেনাকাটায় পাটের ব্যাগ ব্যবহার অভ্যাসে পরিণত করতে সকল পদক্ষেপ নেবে সরকার।