প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪ ১৩:০৯ পিএম
প্রতীকী ছবি
রাজধানীর খিলগাঁওয়ের তালতলা এলাকায় পূর্বশত্রুতার জেরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার(২৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের নাম মো. নাজমুল মোল্লা। তিনি গোপালগঞ্জ সদরের তেগাড়ীয়া গ্রামের আব্দুস কুদ্দুস মোল্লার সন্তান। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে খিলগাঁও এলাকায় ভাড়া থাকতেন।
নিহতের ভাগিনা আশরাফুল বলেন, ২৪ অক্টোবর তারিখে পারিবারিক ঝামেলা হয়। পরে প্রতিবেশীরা আমার মামাকে পিটিয়ে গুরুতর আহত করে। আমরা তাকে উদ্ধার করে প্রথমে মালিবাগ এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার অবস্থার অবনতি হলে আজ সকালে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।