প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪ ১২:৫৩ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৪ ১৬:১০ পিএম
ছবি : ফোকাস বাংলা
ঢাকার কমলাপুর স্টেশন এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে আন্তঃনগর ট্রেন ‘পঞ্চগড় এক্সপ্রেস’ লাইনচ্যুত হয়। এতে ৮ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ৮টায় ট্রেনটি উদ্ধার করা হয়েছে। তাতে দিনের ট্রেন চলাচল শুরু হয়েছে ২ ঘণ্টা দেরিতে।
বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আরিফ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
জানা গেছে, গত রাত ১২টার দিকে কমলাপুর থেকে ছাড়ার কিছুক্ষণ পরই পঞ্চগড় এক্সপ্রেসের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। স্টেশনের কাছে আউটার ইউলুপে এ ঘটনা ঘটে। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রায় ৮ ঘণ্টার চেষ্টায় সকাল ৮টার দিকে ট্রেনটি উদ্ধার করা হয়।
ঢাকা রেলওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন বলেন, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ট্রেন চলাচলের শিডিউলে বিপর্যয় হয়েছে। তবে সকালেই ট্রেন বাইরে থেকে ঢাকায় আসছে এবং ঢাকা থেকেও ছেড়ে যাচ্ছে।