প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ০০:১২ এএম
‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করায় আনন্দ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
ছাত্রলীগ নিষিদ্ধ করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম বলেন, ‘আজ আমাদের জীবনের অন্যতম আনন্দের একটা দিন। ছাত্রলীগ দীর্ঘ ১৬ বছর ধরেই সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলার মতো কেউ ছিল না। এই ছাত্রলীগ ১৫ জুলাই আমাদের ওপর হামলা করেছে। সারাদেশে তারা অসংখ্য ছাত্র-জনতাকে শহীদ করেছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণার জন্য।’
আরেক সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেন, ‘এই রাজু ভাস্কর্যের পাদদেশে বলেছিল, ছাত্রলীগ নাকি রাজপথের সংগঠন। আজকে খুনি হাসিনা নেই, জারুল কবিও নেই। তাদেরকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না। যারা কথায় কথায় আন্দোলনে জঙ্গিবাদ খোঁজত, তাদেরকে জঙ্গি ঘোষণা করা হয়েছে।’
ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবিতে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হন তারা। সেখানে থাকতেই ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি হওয়ার খবর পান তারা। এ খবরে আনন্দ মিছিল শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
এ সময় ‘এই মুহূর্তে খবর এল, ছাত্রলীগ নিষিদ্ধ হলো’, ‘ছাত্রলীগ জঙ্গি, খুনি হাসিনার সঙ্গী’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’সহ নানা স্লোগান দেন তারা।
আওয়ামী লীগ সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে বুধবার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে সংগঠনটিকে নিষিদ্ধের কথা জানানো হয়েছে।