× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন দফা দাবিতে সায়েন্সল্যাব অবরোধ ৭ কলেজ শিক্ষার্থীদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪ ১৩:৪৩ পিএম

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪ ১৩:৫০ পিএম

সায়েন্সল্যাব মোড় অবরোধ করে আছেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

সায়েন্সল্যাব মোড় অবরোধ করে আছেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ মোট তিন দফা দাবি ২৪ ঘণ্টার মধ্যে মেনে না নেওয়ার প্রতিবাদে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন।

বুধবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার পর ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে এসে সড়ক অবরোধ করেন তারা। ফলে বর্তমানে সায়েন্সল্যাব মোড়ে (মিরপুর সড়ক) সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন ‘অধিভুক্তি নাকি মুক্তি, মুক্তি, মুক্তি’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য, মানি না, মানব না’, ‘আর নয় দাসত্ব, হতে চাই স্বতন্ত্র’, ‘ঢাবির জায়গায় ঢাবি থাক, সাত কলেজ মুক্তিপাক’, ‘নিপীড়ন নাকি অধিকার, অধিকার, অধিকার’, ‘প্রশাসনের প্রহসন, মানি না মানব না’ ইত্যাদি।

তবে সায়েন্সল্যাব ও আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান দেখা গেছে।

এর আগে একই দাবিতে গত সোমবার সায়েন্সল্যাব ও নীলক্ষেত মোড় অবরোধ করেন সাত কলেজ শিক্ষার্থীরা। পরে তারা তিন দফা দাবি জানিয়ে পূরণের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয়। শিক্ষার্থীদের দাবিগুলো হলো-

১. অনতিবিলম্বে সাত কলেজ বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করতে হবে।

২. এই কমিশন বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করে ৩০ দিনের মধ্যে একটি রূপরেখা প্রণয়ন করবেন।

৩. স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো সেশনজট তৈরি হতে পারবে না। যতদিন বিশ্ববিদ্যালয় গঠন না হবে ততদিন সেশনজট যেন না হয় সেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাদের কার্যক্রম চালিয়ে নিতে হবে।

ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের কাছে সাত কলেজকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় গঠনের দাবি জানিয়ে স্মারকলিপিও জমা দিয়েছেন শিক্ষার্থীরা। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কারও থেকেই সাড়া না পেয়ে রাজপথে নামতে বাধ্য হয়েছেন বলে জানান শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গতানুগতিক পড়াশোনার মানোন্নয়নের লক্ষ্যে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে শিক্ষা মন্ত্রণালয়। কলেজগুলো হচ্ছে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। অধিভুক্ত কলেজগুলোর ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া, পরীক্ষা, শিক্ষা কার্যক্রম এখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হচ্ছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা