প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪ ১৭:২৩ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৪ ২১:১৫ পিএম
ছবি : সংগৃহীত
৭ মার্চ ও ১৫ আগস্ট (শোক দিবস) দিবস বাতিলের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশন আয়োজিত বিক্ষোভ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। তবে, হামলাকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে প্রেস ক্লাবের সামনে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে সংগঠনটির মুখপাত্র কুতুব হিলালী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ করে সংগঠনটির সদস্য হুমায়ুন কবির বলেন, কুতুব হিলালীরা ৭ মার্চ ও ১৫ আগস্ট বাতিলের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে দাঁড়ালে বিএনপি ও জামায়াতের ক্যাডাররা হামলা চালায়। এতে তাদের অনেকে আহত হন। যার মধ্যে চারজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আহতদের মধ্যে বিক্ষোভের আয়োজক সংগঠনের মুখপাত্র কুতুব হিলালী, কবি ও সাংবাদিক সৌমিত্র দেব, মাহবুবুর রহমান ও দীপান্ত রায়হানসহ চারজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
কুতুব হিলালী সাংবাদিকদের বলেন, ‘আমরা আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন না। আমরা সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা একটি সাংস্কৃতিক সংগঠন। আমরা আমাদের নৈতিক দায়িত্ববোধ থেকে প্রতিবাদ করতে গিয়েছিলাম। আমাদের উপর ন্যাক্কারজনক হামলা করা হয়েছে।’
কারা এ হামলা চালিয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘যারা মুক্তিযুদ্ধকে নিশ্চিহ্ন করতে চায়, যারা মব জাস্টিজের নামে দেশে নৈরাজ্য চালাচ্ছে তাদেরই একটি গ্রুপ এই হামলা চালিয়েছে।’
হামলার শিকার কবি ও সাংবাদিক সৌমিত্র দেব সাংবাদিকদের বলেন, ‘ঐতিহাসিক ৭ মার্চ বাতিল
করার প্রতিবাদের কিছু কথা বলতে এসেছিলাম। বাংলাদেশে বাক স্বাধীনতা নাই। আমাকে তারা
অন্যায়ভাবে প্রহার করেছে, অপদস্ত করেছে। আমার প্রাণনাশের চেষ্টা করেছে। আমি আমার জীবনের
নিরাপত্তা চাই।’
খোঁজ নিয়ে জানা যায়, ৭ মার্চ ও ১৫ আগস্ট বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করেন সংগঠনের অন্তত ২৫ নেতাকর্মী। এ সময় পাশ থেকে ১৫-২০ জন আখ, বাঁশ ও কাঠ নিয়ে এসে তাদের ওপর হামলা চালায়। সংগঠনের লোকদের পিটিয়ে তাড়িয়ে দেয়।
এ সময় আওয়ামী লীগের একজন কর্মীকে বিএনপি সমর্থিত ৪-৫ জন বেধড়ক মারধর করে। এর একটি ভিডিও তাৎক্ষণিক সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, বিএনপির নেতাকর্মীরা বলছেন, ‘ওই ধর ধর, আওয়ামী লীগ ধর, সব কয়ডারে ধর-পালাইতেছে।’
বিএনপির নেতাকর্মীদের ধাওয়া খেয়ে দৌড়াতে দৌড়াতে আওয়ামী লীগের একজন কর্মী বলেন, ‘এই দেশে আওয়ামী লীগের ইতিহাস কেউ কখনও মুছতে পারবে না। আমরা ছিলাম, আছি, থাকব ইনশাল্লাহ।’