প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪ ১৩:৫৩ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৪ ১৫:১৭ পিএম
দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন। প্রবা ফটো
দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যার ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন সংবাদকর্মী ও তার পরিবারের সদস্যরা।
বুধবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর কাওরান বাজারের সার্ক ফোয়ারার সামনে এই মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, অভিযুক্ত আসামিরা এরই মধ্যে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা পালিয়ে গেলে তামিম হত্যার সুষ্ঠু বিচার হবে না।
তামিম হত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত গণমাধ্যমকে পাশে থাকার আহবান জানান তার পরিবার। বিএনপি নেতা রবিউল আলম সরাসরি এ হত্যায় জড়িত দাবি করে পরিবার বলছে, কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে।
গত ১০ অক্টোবর রামপুরায় ফ্ল্যাটের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম ওরফে তামিমকে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় ১৬ জনের নামে মামলা করেছে পরিবার। যার মধ্যে তিন নম্বর আাসামি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি। এরই মধ্যে পাঁচজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। রবির পদ স্থগিত করেছে বিএনপি।
পরদিন শুক্রবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. রুহুল কবির খান বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মামুন এবং বিএনপি নেতা ও প্লিজেন্ট প্রোপার্টিজ লিমিটেডের কর্ণধার শেখ রবিউল আলম রবির প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তদন্ত করে তাদেরও আইনের আওতায় আনা হবে।
মো. রুহুল কবির খান জানান, জমির মালিককে প্লিজেন্ট প্রোপার্টিজ লিমিটেডের পাঁচটি ফ্ল্যাট দেওয়ার চুক্তি থাকলেও, তারা দুটি হস্তান্তর করেছে। বাকি তিনটির মধ্যে একটি ফ্ল্যাট অবৈধভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মামুনের শ্বশুরের কাছে বিক্রি করেন শেখ রবিউল আলম রবি। ফ্ল্যাটটি তারা অবৈধভাবে জবরদখল করে রেখেছিল। যা নিয়ে গত তিন বছর ধরেই দ্বন্দ্ব চলে আসছিল।
এই দ্বন্দ্বের জেরে অভিযুক্তরা বৃহস্পতিবার সকালে ফ্ল্যাটে অতর্কিত হামলা করলে দীপ্ত টিভির কর্মকর্তা তানজিল জাহান ইসলাম ওরফে তামিম গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার বিএনপি নেতা রবি এখনও পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।