প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪ ১০:৫৯ এএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪ ১২:১৬ পিএম
মিরপুরে সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত
বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা-ক্যান্টনমেন্ট সংলগ্ন কচুক্ষেত এলাকার আটটি পোশাক কারখানার শ্রমিকরা।
সোমবার (১৪ অক্টোবর) সকাল থেকে প্রায় ১০ হাজার শ্রমিক ক্যান্টনমেন্ট-মিরপুর ১৪ রাস্তা অবরোধ করে রাখে। এতে মিরপুর-১৪ থেকে কচুক্ষেত পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়।
শ্রমিকদের বক্তব্য অনুযায়ী, ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে তাদের তিন মাসের বেতন বকেয়া আছে। তাই তাদের বেতন পরিশোধ না করা পর্যন্ত এ আন্দোলন চলবে বলে জানান তারা।
আন্দোলনরত এক শ্রমিক জানান, ‘তিন মাস ধরে আমাদের বেতন বকেয়া আছে। বেতন না পাওয়ায় পরিবার চলছে না। বকেয়া না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’
এদিকে দুর্গাপূজার সরকারি ছুটি শেষ হওয়ার পর আজ সোমবার প্রথম কর্মদিবসে এ আন্দোলনের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে। সড়ক অবরোধের ফলে মিরপুর-১৪ থেকে কচুক্ষেত পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।