প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪ ২০:১৫ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৪ ২০:৪৫ পিএম
শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে ঢাকার রমনা কালীমন্দির পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছার পাশাপাশি নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শুক্রবার (১১ অক্টোবর) বিকালে এই মন্দির পরিদর্শনে যান জেনারেল ওয়াকার।
তার সঙ্গে ছিলেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্যে সেনাপ্রধান বলেন, ‘আপনারা উৎসবমুখর সুন্দর পরিবেশে পূজা উদযাপন করতে পারছেন, তা দেখে আমি অত্যন্ত আনন্দিত। শুধু ঢাকাতেই না, ঢাকার বাইরে সব জায়গায় আমাদের লোকজন মোতায়েন আছে। আমরা আপনাদের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি।’
পূজার শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘শুধু এখানেই নয়, সারা দেশেই যে যেখানে এই উৎসব পালন করছেন, সবার জন্যই থাকবে আমার শারদীয় শুভেচ্ছা।’
জেনারেল ওয়াকার আরও বলেন, ‘শতাব্দীর পর শতাব্দী আমরা একসঙ্গে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বসবাস করে আসছি এ দেশে। এটা আমাদের সহাবস্থান। একজনের প্রতি অন্যজনের যে সহমর্মিতা, এটা অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে।’