প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪ ১২:৪৫ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪ ১২:৫৫ পিএম
রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) মিলনায়তনে সংবাদ সম্মেলন। প্রবা ফটো
২০০৯-১০ থেকে ২০২৩-২৪
অর্থবছরে সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজে প্রাক্কলিত
দুর্নীতির পরিমাণ ২৯ হাজার ২৩০ কোটি থেকে ৫০ হাজার ৮৩৫ কোটি টাকা; যা মোট উন্নয়ন
বরাদ্দের ২৩-৪০ শতাংশ।
বুধবার (৯ অক্টোবর)
সকালে রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরে টিআইবি।
সংবাদ সম্মেলনে মূল
প্রবন্ধে গবেষণা দলের সদস্য জুলকারনাইন বলেন, ২০০৯-১০ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর
পর্যন্ত সওজের মাধ্যমে মোট উন্নয়ন ব্যয় ১ লাখ ৬৯ হাজার ৪৫০ কোটি টাকা। সওজের মাধ্যমে
সারা দেশে ২২ হাজার ৪৭৬ কিলোমিটার সড়ক ও মহাসড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
এ সময় দুর্নীতির খাতগুলো
তুলে ধরে তিনি বলেন, এ ছাড়া নির্মাণকাজের কার্যাদেশ প্রাপ্তি ও ঠিকাদারের বিল
প্রাপ্তির ক্ষেত্রে ঘুষ দিতে হয় ১১ থেকে ১৪ শতাংশ, নির্মাণকাজে রাজনীতিবিদ, ঠিকাদার
ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ত্রিপক্ষীয় আঁতাতের মাধ্যমে দুর্নীতি হয় ১০ থেকে ২০ শতাংশ,
দরপত্র লাইসেন্স ভাড়া, কার্যাদেশ বিক্রয়, সমঝোতা, স্থানীয় পর্যায়ের রাজনৈতিক চাঁদাবাজি
ইত্যাদি ক্ষেত্রে দুর্নীতি হয় ২ থেকে ৬ শতাংশ।