প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২২ ১৩:৪৫ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২২ ১৪:২০ পিএম
বিআরটি প্রকল্পের কাজ চলমান থাকায় উত্তরা থেকে গাজীপুর সড়কে দীর্ঘদিন থেকেই ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। সেই সড়কে চলাচলে এবার বিশেষ নির্দেশনা দিয়েছে বিআরটি।
আগামী ২৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ওই সড়কটিতে চলাচলে যানযট সৃষ্টির আশঙ্কা করে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছেন বিআরটি প্রকল্প সংশ্লিষ্টরা।
এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দিয়েছে বিআরটি।
প্রকল্পটির পরিচালক এএসএম ইলিয়াস শাহ্’র সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে আগামী রবিবার সকাল ৬টা পর্যন্ত ঢাকা বিমানবন্দর স্টেশন এলাকায় বিশেষ ব্যবস্থাপনায় সড়কের উন্নয়নকাজ চলমান থাকবে। এজন্য যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত ওই করিডোরে চলাচল করা জনসাধারণ ও পরিবহনকে সম্ভাব্য বিকল্প পথ ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।
বিষয়টিতে সবার সহানুভূতি এবং সহযোগিতাও কামনা করেছেন প্রকল্প পরিচালক।