প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৯:১৯ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪০ পিএম
পর্বতারোহী শায়লা বিথী। ছবি: সংগৃহীত
রাজধানীতে প্রকাশ্য দিবালোকে অতর্কিত হামলার শিকার হয়েছেন দেশের খ্যাতনামা নারী পর্বতারোহী শায়লা বিথী। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ধানমন্ডি ২৭ নম্বর সংলগ্ন গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের সামনের ফুটওভারব্রিজে এ ঘটনা ঘটে।
শায়লা বিথীর স্বামী তৈমুর ফারুর তুষার এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, ‘পর্বতারোহী শায়লা বিথী ধানমন্ডি ২৭ নম্বর সড়কের ওভার ব্রিজ পার হচ্ছিল। পেছন থেকে হামলাকারীরা এসে চুলের মুঠি ধরে বেধড়ক পেটানো শুরু করে। হামলায় তার ঠোঁট ফেটে গেছে। সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন।’
কারা কী উদ্দেশে এ হামলা করেছে তা পুলিশকে বের করতে হবে দাবি করে তুষার বলেন, ‘দুপুর ২টার পরে দিনের আলোতে এ হামলার দৃশ্য নিশ্চয়ই সিসিটিভিতে রেকর্ড আছে। ফলে অপরাধীদের শনাক্ত করা কঠিন হওয়ার কথা না। শায়লা বিথী অভিযোগ জানাতে মোহাম্মদপুর থানায় গেছে।’
এ বিষয়ে শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় শেরেবাংলা নগর থানার ওসি মোজাম্মেল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ঘটনার তদন্ত চলছে। ইতোমধ্যে শায়লা বিথী ও তার দুই সহকর্মী থানায় এসেছিলেন। পুলিশ তাদের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও হামলাকারীদের চিহ্নিত করতে কাজ করছে। এ ঘটনায় ভুক্তভোগী শায়লা অভিযোগ করলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এই ঘটনায় নিন্দা জানিয়েছেন নারী অধিকারকর্মীরা। ‘আমরাই পারি’র সমন্বয়ক জিনাত আরা হক হামলার নিন্দা জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা চেইন অব কমান্ডের বিষয়। এর একটা প্রক্রিয়া আছে। সেটা না থাকলে যা হয় সেই ভীতি এখন তাদের মধ্যে কাজ করছে। এখনও পুলিশ শতভাগ সক্রিয় না। গত এক মাসে সবার মধ্যে এই বিশ্বাস এসেছে যে, সবার হাতে ক্ষমতা আছে। কিন্তু এটা ব্যাকফায়ার করে যখন আপনি অন্যের ওপর সেই ক্ষমতা খাটান। মানুষকে বুঝতে হবে ক্ষমতা শো করার বিষয় না। মব ভায়োলেন্স যদি না সামলানো যায় তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ হবে।
নারী অধিকারকর্মী খুশি কবীর উদ্বেগ প্রকাশ করে বলেন, যারা দায়িত্ব নিয়েছে, এক মাস হয়ে গেছে। এখনও যদি ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলে নেওয়া না যায়, সেটা শঙ্কার। এভাবে তো চলতে পারে না। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিতে এক দিনও সময় দেওয়া যায় না। কারণ এটা মানুষের জীবনের সঙ্গে সম্পৃক্ত।
শায়লা বিথীর অভিজ্ঞতার ঝুলিতে রয়েছে ৮টি পর্বতাভিযান, ট্রেকিং ও ট্রেনিং। সর্বশেষ তিনি ২০২১ সালের অক্টোবরে হিমালয়ের আইল্যান্ড পর্বতচূড়া জয় করেন। শায়লা বিথী ২০১৬ সালে ভারতের নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টিনিয়ারিং থেকে পর্বতারোহণের মৌলিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেন।
প্রথম বাংলাদেশি নারী হিসেবে ২০১৮ সালের মে মাসে তিব্বতের লাকপারি (৭ হাজার ৪৫ মিটার) পর্বতচূড়া জয় করেন। ২০১৯ সালের মে মাসে প্রথম বাংলাদেশি নারী হিসেবে হিমালয়ের দুর্গশ তাশি লাপচা (৫ হাজার ৭৫৫ মিটার) গিরিপথ পার হন। ১ম বাংলাদেশি নারী হিসেবে ২০২১ সালের নভেম্বরে হিমালয়ের বিখ্যাত থ্রি-পাস অতিক্রম করেন। এ ছাড়াও শায়লা বিথী ২০১৫ সালে নেপালের মাউন্ট কেয়াজুরির বেসক্যাম্প (১৫ হাজার ৫শ ফুট উচ্চতা) ট্রেকিং করেন। ২০১৬ সালের অক্টোবরে সফলভাবে নেপালের মেরা পর্বতের চূড়ায় (৬ হাজার ৪৭৪মিটার) ওঠেন। ২০১৭ সালের এপ্রিলে নেপালের থ্রংলা পাস (৫ হাজার ৪১৬ মিটার) অতিক্রম করেন। ২০১৭ সালের অক্টোবরে প্রথম বাংলাদেশি দলের অংশ হয়ে মানাসলু সার্কিট (৫ হাজার ১০৬ মিটার) সম্পন্ন করেন।