প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৫১ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৮ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী কমিউনিটি সেন্টার এলাকায় গুলিবিদ্ধ মো. বাবলু মৃধার মৃত্যু হয়েছে। সোমবার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
বাবলু মৃধা পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তিনি যুবদল কর্মী ছিলেন বলে জানিয়েছেন তার ভাই।
নিহত বাবলু মৃধার ভাই রুবেল মৃধা বলেন, ১৯ জুলাই আমার ভাই ধনিয়া কলেজের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করে মিছিলে যায়। সেখানে সে গুলিতে গুরুতর আহত হয়। খবর পেয়ে ভাইকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ২২ আগস্ট সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রুবেল মৃধা জানান, তাদের বাড়ি পটুয়াখালী জেলার দশমিনা থানার খরিজা বেতাগী এলাকায়। যাত্রাবাড়ী ধনিয়ায় ভাড়া থাকেন তারা। বাবলু মৃধার দুই ছেলে রয়েছে।
তিনি বলেন, আমার ভাই পেশায় রাজমিস্ত্রি, পাশাপাশি ব্যবসা করত। কদমতলী থানার ৬১ নম্বর ওয়ার্ড যুবদলের একজন কর্মী ছিল।
কদমতলী থানার ৬১ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মাসুদ বলেন, ১৯ আগস্ট আমার নেতৃত্বে একটি মিছিল বের হয়। সেই মিছিলে বাবুল ভাইয়ের পেটে গুলি লাগে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বলেন, বাবলু মৃধা গুলিবিদ্ধ অবস্থায় সিএমএইচ এ ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।