প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৩৬ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৩ পিএম
ফেনীতে বন্যা দুর্গতদের চিকিৎসার জন্য জরুরি ওষুধসহ ৬ সদস্যের একটি মেডিকেল টিম পাঠিয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ।
বুধবার (৪ সেপ্টেম্বর) বিকালে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আজ (বুধবার) সকালের দিকে বন্যা দুর্গতদের চিকিৎসা ও সাহায্যের জন্য ওষুধসহ ঢাকা মেডিকেল থেকে ফেনীর উদ্দেশে ছয় সদস্যের একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে। এই টিমে রয়েছেন দুজন চিকিৎসক, দুজন নার্স ও দুজন কর্মচারী। বন্যা দুর্গত এলাকায় কেউ অসুস্থ হয়ে পড়লে ফার্স্ট এইড ও ওষুধসহ প্রয়োজনীয় জিনিসপত্র পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রয়োজনীয় যে ওষুধপত্র দেওয়া হয়েছে সেগুলো হাসপাতালের চিকিৎসক ও (এমআইএসটি) শিক্ষার্থীদের দেওয়া অর্থ দিয়ে কেনা হয়েছে। এর আগে (২৫ আগস্ট) ছয় সদস্যের আরও একটি মেডিকেল টিম পাঠানো হয়েছিল। মূলত ওখানে যারা কাজ করছেন তাদের রিপ্লেসমেন্ট হিসেবে এই ছয় সদস্যের মেডিকেল টিম পাঠানো হয়েছে।