প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪ ১৪:২৩ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৪২ পিএম
প্রতীকী ছবি
মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলির মধ্যে পড়ে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে জেনেভা ক্যাম্পের কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মো. সনুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে সকাল সাড়ে ৯টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পেশায় তিনি অটোরিকশাচালক। জেনেভা ক্যাম্পের বাবুল হোসেনের ছেলে তিনি।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা সাকিব বলেন, মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের কলেজ গেট এলাকায় মাদক কারবারিদের দুই গ্রুপের গোলাগুলির মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন সনু। আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।