প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪ ১৯:১৯ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৪ ১৯:৪৪ পিএম
রাজধানীর গ্রিন রোডে কমফোর্ট নার্সিং হোম ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় নানা অভিযোগে নার্সিং হোম ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
শনিবার (৩১ আগস্ট) অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাসের নেতৃত্বে ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল এবং সহকারী পরিচালক মো. আব্দুস সালাম এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে দেখা গেছে, ইউরিন টেস্টের জন্য রাখা একেকটি কিটের মেয়াদ আরও ৩ বছর আগেই শেষ হয়ে গেছে; চিকিৎসাদের স্যাম্পল ওষুধ দিয়ে ভর্তি রোগীর চিকিৎসা করা হচ্ছে; সেবা বিক্রয় অধিক মূল্য আদায়; সেবার মূল্য তালিকার হালনাগাদ করা হয়নি; টেকনিশিয়ান পরিচয়ে পিয়নের মাধ্যমে রি-এজেন্ট সলিউশন তৈরি এবং প্যাথোলজিস্ট হয়েও কনসালটেন্ট পরিচয়ে রিপোর্ট তৈরি।
এ ছাড়াও পরীক্ষার মূল্য নির্ধারণ করে দ্বিগুণ অর্থ আদায়েরও অভিযোগ রয়েছে এ হাসপাতালের বিরুদ্ধে। এসব অনিয়ম ঠিক করতে প্রতিষ্ঠানটিকে এক সপ্তাহের আল্টিমেটাম দেওয়া হয়েছে।
বিকাশ চন্দ্র দাস বলেন, কমফোর্ড নার্সিং হোম ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ম বহির্ভূত কাজ হচ্ছে এসব অভিযোগের তথ্য পেয়ে আমরা অভিযানে এসেছি। নানা অনিয়মের কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।