প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪ ২১:১৪ পিএম
রানা প্লাজা ও তাজরীন গার্মেন্টসে দুর্ঘটনায় হতাহতদের ফান্ড অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে রানা প্লাজা ও তাজরীন গার্মেন্টস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে মতবিনিময় শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ নির্দেশ দেন।
শ্রম উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগের আমলে এ দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত এবং নিহত হয়েছিলেন তাদের পরিবারের জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছিল তা কতটুকু সুষ্ঠুভাবে বাস্তবায়ন হয়েছে এবং বাস্তবে ক্ষতিগ্রস্তরা কতটুকু উপকার পেয়েছেন বা পাননি সে বিষয়ে তদন্ত করার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করব। বাস্তব চিত্রটা সেই তদন্ত কমিটি প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরবে।’
তিনি আরও বলেন, ‘আমি চাই ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে একজন সরাসরি সেই তদন্ত কমিটিতে থাকবে এবং তিনি নিশ্চিত করবে বাস্তব চিত্রটা উঠে এসেছে কি না। গঠিত তহবিল বা ফান্ডে কোনো অর্থ থাকলে সেটা হতাহতদের জন্য ব্যয় করা হবে।’
এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে রানা প্লাজা ও তাজরীন গার্মেন্টস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কয়েকজন তাদের দুর্বিষহ অভিজ্ঞতা এবং সাহায্য-সহযোগিতা ও চিকিৎসার বিষয়ে নানা অনিয়ম-দুর্নীতির কথা তুলে ধরেন। এছাড়া, তারা বিভিন্ন দাবি উপদেষ্টার সামনে পেশ করেন। উপদেষ্টা মনযোগসহকারে ক্ষতিগ্রস্তদের কথা শোনেন।
পরে উপদেষ্টা গণমাধ্যম কর্মীদেরকে আনুষ্ঠানিক ব্রিফিং করেন। এতে তিনি সভ্যতা বিনির্মাণ ও বিভিন্ন আন্দোলন-সংগ্রামে শ্রমিকদের অবদান তুলে ধরেন এবং তাদের ত্যাগ-তিতিক্ষাকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
উপদেষ্টা বলেন, ‘একুশ শতকে এসেও বাংলাদেশে শ্রমিকদের চাকরি নিরাপত্তা, কর্মপরিবেশ, স্বাস্থ্যঝুঁকি এমনকি জীবন নিয়েও শঙ্কা রয়েছে। একটি মানবিক মর্যাদা সম্পন্ন কল্যাণকামী রাষ্ট্র গঠনের জন্য এই অভ্যূত্থানে যে শ্রমিকরা জীবন দিয়েছে সেই নতুন বাংলাদেশে আমরা শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ কাজ করব।’