প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪ ২০:৩৭ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৪ ২০:৫০ পিএম
রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে প্রায় ৩ কোটি নগদ টাকা এবং ১০ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বাসাটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. শাহ কামালের বলে জানা গেছে।
শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় মোহাম্মদপুরের বাবর রোডের এফ ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে এসব টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করে পুলিশ।
ডিএমপি জানায়, খবর পেয়ে বাসাটিতে অভিযান চালানো হয়। অভিযানে ওই বাসা থেকে নগদ ৩ কোটি ১ লাখ ১০ হাজার ১৬৬ টাকা, ৭৪ হাজার ৪০০ টাকা দামের ১০০ টাকার প্রাইজ বন্ড এবং ১০ লাখ ৩ হাজার ৩০৬ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। উদ্ধার বিদেশি মুদ্রার মধ্যে ৩ হাজার মার্কিন ডলার, ১ হাজার ৩২০ মালয়েশিয়ান রিঙ্গিত, ২ হাজার ৯৬৯ সৌদি রিয়াল, ৪ হাজার ১২২ সিঙ্গাপুরিয়ান ডলার, ১ হাজার ৯১৫ অস্ট্রেলিয়ান ডলার, ৩৫ হাজার কোরিয়ান ইউয়ান ও ১৯৯ চীনা ইউয়ান মুদ্রা পাওয়া গেছে।
শাহ কামাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব থাকাকালে তার বিরুদ্ধে বদলি, কেনাকাটা, উন্নয়ন কাজসহ বিভিন্ন উৎস থেকে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগ ছিল।