বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪ ১৩:৫৩ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৪ ১৫:২৮ পিএম
শাহবাগে জমায়েত হয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করছেন শিক্ষার্থীরা। প্রবা ফটো
১৫ আগস্ট কেন্দ্র করে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের প্রতিবিপ্লবের চেষ্টা প্রতিহত করতে রাজধানীর শাহবাগে জমায়েত হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে গান, কবিতা পরিবেশন করেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগে জমায়েত হতে থাকেন শিক্ষার্থীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সাড়ে ১২টা) তারা শাহবাগে অবস্থান করছেন।
এদিকে বিশৃঙ্খলা ঠেকাতে রাত থেকেই রাজপথে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল, মাস্টারদা সূর্যসেন হল, বিজয় একাত্তর হল, জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু হল, জসীমউদ্দীন হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, এ এফ রহমান হল, ফজলুল হক হল, শহীদুল্লাহ্ হল ও অমর একুশে হলসহ বিভিন্ন হলের শিক্ষার্থীদের মিছিলে অংশ নিতে দেখা গেছে।
শাহবাগে অবস্থানের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, ১৫ আগস্ট কেন্দ্র করে কেউ যদি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় তাহলে আমরা তাদের প্রতিহত করতে রাজপথে রয়েছি। যারা ছাত্রদের ওপর গুলি চালিয়েছে তাদের এ দেশের মানুষ আর গ্রহণ করবে না।
আরেক সমন্বয়ক তরিকুল ইসলাম বলেন, আমরা ফ্যাসিবাদের প্রেতাত্মাদের রুখে দিতে শাহবাগে অবস্থান নিয়েছি। আমরা দিনভর অবস্থানে থাকব। আরও সময় বাড়লে আমরা মিছিল দেব।
অবস্থান নিয়ে শিক্ষার্থীদের ’আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘বিচার বিচার চাই, খুনিদের বিচার চাই’, ‘ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি’, ‘আমার সোনার বাংলায়, খুনিদের ঠাঁই নাই’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত, রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘স্বৈরাচারের গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘হাসিনার পরিকল্পনা, নস্যাৎ করো, নস্যাৎ করতে হবে’, ‘ফ্যাসিবাদের দালালেরা, হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দিনব্যাপী এ কর্মসূচি পালনের কথা জানান তারা। সেখানে দেশাত্মবোধক নানা গান পরিবেশন করেন শিল্পীরা। ’মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে’, ‘কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল কররে লোপাট’ ইত্যাদি। এ ছাড়া কবিতা পাঠ করা হয়Ñতুমি বাংলা ছাড়ো।
সাংস্কৃতিক মঞ্চ থেকে এক শিল্পী বলেন, ‘খুনি হাসিনা ভারতে পালিয়ে গিয়ে সেখান থেক ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা বলতে চাই, খুনিদের বাংলার মানুষ মেনে নেবে না। খুনি হাসিনাকে বাংলার মানুষ দেখতে চায় না। আওয়ামী লীগের ঠিকানা বাংলাদেশে হবে না।’