প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪ ১০:০০ এএম
আপডেট : ১০ আগস্ট ২০২৪ ১০:৪২ এএম
যুবদল নেতা সাইদ আহমেদ। ছবি : সংগৃহীত
রাজধানীর ডেমরায় স্থানীয় যুবদল নেতা সাইদ আহমেদকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত সাইদ আহমেদ ৬৭ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক। পেশায় ব্যবসায়ী ও ডেমরার বাহির টেংরা এলাকার বাসিন্দা। তার বাবার নাম সেকেন্দার।
সাইদ আহমেদের মামা আপেল মাহমুদ জানান, যুবদলের একটি কর্মসূচি শেষে সাইদ গতকাল সন্ধ্যায় ডেমরার ওরিয়েন্টাল স্কুল মোড় এলাকার বাসায় ফিরছিলেন। পথে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের আনোয়ার, আকবর, রনি, সালামসহ ২০-২৫ জন সাইদের ওপর হামলা চালান। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে ফেলে যান তারা।
আপেল মাহমুদ আরও জানান, খবর পেয়ে সাইদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর সাইদ এলাকায় আনন্দমিছিল বের করেছিলেন বলেও জানান আপেল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া প্রতিদিনের বাংলাদেশকে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।