প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪ ১৭:৩২ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৪ ১৮:৩৭ পিএম
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। ছবি : সংগৃহীত
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কক্ষ দখলের অভিযোগ উঠেছে হাসপাতালের ‘আওয়ামীপন্থি’ চিকিৎসক ডা. ফাহদিয়া আফরোজ ঝুমার বিরুদ্ধে। বুধবার (৭ আগস্ট) বিকালে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
অভিযুক্ত ফাহদিয়া হৃদরোগ হাসপাতালের সদ্যসাবেক আরপি (রেসিডেন্ট ফিজিশিয়ানস) ও কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চিকিৎসক জানান, আওয়ামী সরকার পতনের পর ডা. ফাহদিয়া আফরোজ ঝুমা হাসপাতালসংলগ্ন ডক্টরস কোয়ার্টারস থেকে তার স্বামী কেন্দ্রীয় স্বাচিব নেতা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. শাহ গোলাম নবী তুহিনসহ পরিবারের সদস্য নিয়ে গা ঢাকা দেন। গত ৫ ও ৬ আগস্ট তিনি হাসপাতালে আসেননি, ৭ তারিখ অফিস সময়েও তিনি অনুপস্থিত ছিলেন।
তারা জানান, ডা. ফাহদিয়ার জন্য মধ্য ব্লকের ২১৩ নম্বর কক্ষটি বরাদ্দ থাকলেও ৭ তারিখ বিকালে তিনি হাসপাতালে এসে মধ্য ব্লকের ২১৫ নম্বর কক্ষটি পরিষ্কার করিয়ে নিজের মালামাল রেখে তালা ঝুলিয়ে দেন। এই কক্ষটি তার নামে বরাদ্দ না থাকা সত্ত্বেও কর্তৃপক্ষকে না জানিয়ে অফিস সময়ের পরে জোর করে কক্ষটি দখল করে নেন।
সংশ্লিষ্টরা জানান, ২১৫ নম্বর কক্ষটি আগে ভিভিআইপি কেবিন ছিল। সম্প্রতি হাসপাতাল বর্ধিতকরণ হলে এই কক্ষটিকে সিসিইউর (করোনারি কেয়ার ইউনিট) মিটিং রুম হিসেবে রাখে হাসপাতাল কর্তৃপক্ষ।
তারা জানান, ডা. ফাহদিয়ার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে চিকিৎসক ও কর্মচারীদের হয়রানি, দুর্ব্যবহার, যথাসময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়া, মেডিসিন কোম্পানিগুলোর কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণসহ নানা অভিযোগ থাকলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যায়নি।
কক্ষ দখলের বিষয়ে জানতে হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন, উপপরিচালক ডা. মামুনুর রশীদ এবং অভিযুক্ত ডা. ফাহদিয়া আফরোজ ঝুমার ব্যক্তিগত মোবাইল নম্বরে কল করলেও রিসিভ না করায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।