প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪ ১৬:৫৯ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৪ ১৭:১৭ পিএম
তেজগাঁও থানায় কার্যক্রম শুরুর পর সংবাদ সম্মেলন করেন সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা। ছবি : সংগৃহীত
সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাজধানীর ২৯ থানার কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) তেজগাঁও থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা।
সম্মেলনে সেনাবাহিনীর ২৫ ইস্টবেঙ্গল রেজিমেন্ট কোম্পানি অধিনায়ক মেজর সাখাওয়াত হোসেন বলেন, ‘সেদিন (৫ আগস্ট) সাধারণ মানুষের সঙ্গে দুর্বৃত্তরা যেভাবে পুলিশসহ মানুষ হত্যা করেছে, তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি, পুলিশ সদস্যদের বাঁচাতে হবে। তারা জনগণের সেবক। তাদের আবার পুনর্গঠিত করার সুযোগ দিতে হবে।’
তিনি বলেন, ‘তেজগাঁও থানায় অনেক পুলিশ সদস্য ও তাদের পরিবার আছে। থানায় অনেক অস্ত্র আছে। যেগুলো দুর্বৃত্তদের কাছে গেলে দেশ চরম ঝুঁকির মধ্যে পড়বে। তখন আমরা থানা নিরাপত্তা জোরদার করেছি। এ ছাড়া আমরা এ এলাকায় ছাত্র-শিক্ষক, ব্যবসায়ী, স্কাউট, বিএনসিসি, আনসার বাহিনীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সমন্বয়সভা করেছি। পুলিশ বাহিনীকে পুনর্গঠিত করতে তারা আমাদের আশস্ত করেছেন।’
তেজগাঁও থানার উপপুলিশ কমিশনার (ডিসি) এইচএম আজিমুল হক বলেন, ‘সামরিক বাহিনীর সদস্যরা যেভাবে পুলিশ সদস্যদের বাঁচাতে এগিয়ে এসেছেন, মানুষের জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আজকে আমরা সামরিক বাহিনীর সহায়তায় পুলিশের সব কার্যক্রম শুরু করেছি। নাগরিকদের কাছে অনুরোধ আপনারা থানায় আসুন। আপনাদের সেবা দিতে আমরা প্রস্তুত।’
তিনি বলেন, ‘তেজগাঁও বিভাগে ছয়টি থানার মধ্যে তিনটি থানার কার্যক্রম পুরোপুরি চালু হয়েছে। ক্ষতিগ্রস্ত থানায় স্বল্প পরিসরে কাজ চলছে। এরই মধ্যে থানাগুলোতে অনেক পুলিশ সদস্য কাজে যোগ দিয়েছেন। বাকিরাও আসতে শুরু করেছেন।’
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘কিছু দিন আগেও আমরা সবাই একসঙ্গে কাজ করেছি। আজ আমাদের অনেক পুলিশ সদস্য কাছে নেই। অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। আমাদের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য আমরা অনেক ভুল করেছি। মানুষের সঙ্গে আমাদের ভুল বোঝাবুঝি হয়েছে। আসলে আমরা জনগণের সেবক। জনগণই আমাদের মূল। আপনারা থানায় আসুন। আপনাদের সেবায় আমরা প্রস্তুত রয়েছি।’