প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪ ১৫:০৯ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৪ ১৬:৪২ পিএম
সব পক্রিয়া শেষ করে বিমানবন্দর থেকে বের হলে ড. মুহাম্মদ ইউনূসকে ফুলেল উষ্ণ অভিবাদন জানান ছাত্র-জনতা। প্রবা ফটো
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করতে দেশে ফিরেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টা ২১ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ফ্রান্স থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সব পক্রিয়া শেষ করে বিমানবন্দর থেকে বের হলে তাকে ফুলেল উষ্ণ অভিবাদন জানান ছাত্র-জনতা।
এর আগে ড. ইউনূস দেশে পৌঁছাবেন খবর পেয়ে তাকে অভিবাদন জানাতে সকাল থেকে বিমানবন্দর ও বিমানবন্দর সড়কে ভিড় করেন হাজার হাজার মানুষ।
সরেজমিনে দেখা যায়, বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের সামনে ড. ইউনূসকে অভ্যর্থনা জানাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন মানুষ। কেউ এসেছেন পতাকা-ব্যানার নিয়ে, কেউবা ফেস্টুন, কারও হাতে ফুল। কেউ হাততালি দিয়ে যাচ্ছেন। শুভেচ্ছা স্বাগতম স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো এলাকা।
রাজধানীর খিলগাঁও থেকে অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রধানকে সংবর্ধনা জানাতে বিমানবন্দরে এসেছেন তানজিল আহমদ নামের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।
তিনি বলেন, বুলেটের সামনে দাঁড়িয়ে আমরা স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে আজকের এই প্রেক্ষাপট তৈরি করেছি। ডক্টর ইউনূসকে নিয়ে আমাদের নতুন সম্ভাবনা আর স্বপ্ন। তাকে ঘিরেই আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি।
তাই তাকে স্বাগত জানাতে, সংবর্ধনা দিতে আমরা বিমানবন্দরের সামনে ছুটে এসেছি।