প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪ ১৪:৫৫ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৪ ১৪:৫৭ পিএম
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ভবন ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন ১ থেকে ১৭ তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সনদধারী নিয়োগ বঞ্চিতরা। এনটিআরসিএ নিবন্ধিত নিয়োগবঞ্চিত শিক্ষক ফোরামের ব্যানারে সোমবার (৮ জুলাই) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তারা।
সংবাদ সম্মেলনে বলা হয়েছে, পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে আমরা এনটিআরসি সনদ পেয়েছি। এই সনদ আমাদের যোগ্যতা প্রমাণ করে। অথচ শূন্য পদ লক্ষাধিক থাকার পরও আমাদের অল্পসংখ্যক প্রার্থীকে নিয়োগ না দিয়ে তাদের জীবন অন্ধকারে ঠেলে দিচ্ছে। যার ফলে তাদের হাহাকার ও ক্ষোভের প্রতিক্রিয়া এই সরকারকেই বহন করতে হবে। আজকে আমাদের নিয়োগ বঞ্চিত হওয়ার পেছনে মূল ভূমিকা রয়েছে এনটিআরসিএ ও শিক্ষা মন্ত্রণালয়ের অব্যবস্থাপনা, সিদ্ধান্তহীনতা, নিজেদের ইচ্ছা অনুযায়ী আইন পরিবর্তন, সংযোজন, বিয়োজন এবং সর্বোপরি সদিচ্ছার অভাব। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরাম প্রতিনিধির সঙ্গে আলোচনার মাধ্যমে নিয়োগ ঘোষণা না দিলে ওইদিন থেকে এনটিআরসিএ ভবন ঘেরাও করার হুঁশিয়ারি দেওয়া হয়।
তারা বলেন, ১৮তম ব্যাচ থেকে পাস করলেই সরাসরি নিয়োগ দেওয়া হচ্ছে। আমরা এই পদক্ষেপকে সাধুবাদ জানাই। তবে ১৮ তমদের নিয়োগ কার্যকর করার আগে যেসব নিয়োগ বঞ্চিত সনদধারীরা আছে তাদের নিয়োগ আগে কার্যকর করতে হবে। এটা আমাদের দাবি আদায়ের অধিকার। সনদ যার নিয়োগ হোক তার।
আরও বলা হয়েছে, গত ২০ মার্চ এনটিআরসিএ অফিসের সামনে ৫ ঘণ্টাব্যাপী অবরোধের ফলে এনটিআরসিএ চেয়ারম্যান আমাদের নিয়ে গোলটেবিল বৈঠক করেন। সেসময় তিনি সমঝোতার প্রস্তাব দেন। আমরা যদি আন্দোলন ও কর্মসূচির বিরতি নেই, তবে তিনি রোজার ঈদের পরে শিক্ষামন্ত্রী সঙ্গে আমাদের আলোচনায় বসার ব্যবস্থা করবেন। এরপর আমরা কর্মবিরতি প্রত্যাহার করলেও এরটিআরসিএ চেয়ারম্যান কথা রাখেননি। তিনি বলেছেন শিক্ষামন্ত্রী রাজি নয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নীলিমা চক্রবর্তী, সিনিয়র সহ-সভাপতি নাসরিন সুলতানা, সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসী, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক দুলাল নিয়া, রাকিবুল হুদা, মাহমুদা খাতুন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গণ-সুমন দাস, ছামিউল আলম, নুরুদ্দীন, প্রসেনজিৎ বারোই, মারুফ মহোসিন, ইব্রাহিম খলিল, প্রদীপ কুমার ধর, কার্যনির্বাহী সদস্য আজিম উদ্দিন, সালমান খান প্রমুখ।