প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪ ১১:১৩ এএম
আপডেট : ০৭ জুলাই ২০২৪ ১১:১৩ এএম
ফাইল ফটো
আজ রবিবার থেকে শুরু হওয়া সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা চলবে ১৫ জুলাই পর্যন্ত। এই রথযাত্রা উপলক্ষে রয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ নির্দেশনা। রথযাত্রায় যেসব সড়ক ব্যবহৃত হবে, তা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
ডিএমপি জানায়, রথযাত্রা উপলক্ষে বিভিন্ন মন্দিরে নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজধানীতে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) রথযাত্রা উপলক্ষে আট দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ প্রধান রথযাত্রায় বেলা ৩টায় রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দির থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হবে। উল্টো রথযাত্রা ১৫ জুলাই বেলা ৩টায় ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বামীবাগ ইসকন মন্দিরে গিয়ে শেষ হবে। তাই রথযাত্রা উপলক্ষে সড়কে চলাচল করা যানবাহনগুলোকে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য ডিএমপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া রথযাত্রায় ব্যাগ-পোঁটলাসহ অংশগ্রহণ না করার নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। রথযাত্রায় পিকেট পার্টি, টহল পার্টি, সিসিটিভি ক্যামেরা, ফুট প্যাট্রল, রুফটপ পার্টি, হোন্ডা মোবাইল, ডিবি টিম, সাদা পোশাকে গোয়েন্দা টিম, সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল টিম, ট্রাফিক পুলিশসহ পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে।