প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪ ১৮:৫১ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৪ ১৯:৪১ পিএম
জাপানি নাগরিক কবায়াশি হিরোমাসি তুরাগ থানার শিপ ইন্টারন্যাশনাল হসপাতালে চিকিৎসাধীন। ছবি : সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন জাপানি নাগরিক কবায়াশি হিরোমাসি এমন খবরকে কেবল গুজব বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৫ জুলাই) পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মূলত অসুস্থ হয়ে বিমানবন্দরে টার্মিনালে অচেতন হয়ে পড়েছিলেন হিরোমাসি। বর্তমানে পুলিশের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
এর আগে বুধবার (৩ জুলাই) ৭০ বছর বয়সি জাপানি ওই নাগরিক বিমানবন্দরের টার্মিনালে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ার খবর ছড়ায়।
ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীম বলেন, গত বুধবার (৫ জুলাই) রাত আড়াইটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৫ নম্বর বহির্গমন গেটের কাছে জাপানি নাগরিক কবায়াশি হিরোমাসি অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা বিমানবন্দরের মেডিকেল টিমকে জানায়। মেডিকেল টিম দ্রুত ওই জাপানি নাগরিককে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকের পরামর্শে বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়, পরে তার সিটিস্ক্যান করা হয়।
তিনি বলেন, ঢাকা মেডিকেল থেকে জানানো হয় তিনি মাইনর স্ট্রোক করেছেন এবং তার কিডনি, উচ্চ রক্তচাপ ও কার্ডিয়াক সমস্যা হয়েছে। কিছুটা সুস্থ হলে জাপানি নাগরিক ঢাকা মেডিকেলে থাকতে চাননি। পরবর্তীতে এইচএসআইএ মেডিকেলের ডা. সুদীপ্তসহ তাকে পুনরায় এয়ারপোর্ট মেডিকেল সেন্টারে নিয়ে আসা হয়। দোভাষীর মাধ্যমে কথা বলে জাপানি দূতাবাসকে বিষয়টি অবহিত করা হয় এবং তার এক বন্ধুকে ডাকা হয়। কবায়াশি হিরোমাসির বন্ধুর সঙ্গে কথা বলে তাকে বৃহস্পতিবার দুপুর ১২টায় উত্তরা পশ্চিম থানার শিন শিন জাপান হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বিকাল ৪টায় তাকে তুরাগ থানার শিপ ইন্টারন্যাশনাল হসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে আইসিইউ-তে চিকিৎসাধীন।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে কবায়াশি হিরোমাসি খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত বা অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন বলে ধারণা করা হয়েছিল। কিন্তু চিকিৎসায় তেমন কোনো আলামত পাওয়া যায়নি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জাপানি এ নাগরিকের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ খবর রাখা হচ্ছে।