ফুড ফেস্টিভ্যাল
আবু বকর রায়হান
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪ ১৪:২৯ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৪ ১৪:৪৯ পিএম
রাজধানীর গুলশানের হোটেল রেনেসাঁয় সাউথ ইন্ডিয়ান খাবারের পসরা। প্রবা ফটো
বড় আকারের কেক আর নানরুটি; সঙ্গে শৈল্পিক উপস্থাপনা। জিভে জল আসার পাশাপাশি জুড়াবে চোখও। পাশেই হাঁড়িতে থরে থরে সাজানো ভারতের দক্ষিণাঞ্চলের জনপ্রিয় সব খাবার। প্রথম দেখায় মনে হবে যেন ভারতের কোনো রেস্টুরেন্টই চলে এলাম বুঝি! বলছি, রাজধানীর গুলশানে পাঁচতারকা হোটেল রেনেসাঁয় শুরু হওয়া সাউথ ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যালের কথা।
বৃহস্পতিবার (৪ জুলাই) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ১০ দিনব্যাপী এ খাবার উৎসবের উদ্বোধন করেন। যেখানে ভোজনরসিকরা প্রতিদিনই উপভোগ করতে পারবেন ভারতের বিখ্যাত সব খাবারের স্বাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় খাবারের এমন দারুণ পসরা দেখে কিছুটা অবাকই বনে যান ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, ‘সাউথ ইন্ডিয়ান রন্ধনশিল্প খুব জনপ্রিয়। বিশ্বব্যাপী এই খাবার সবার পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে। আমি নিশ্চিত, বাংলাদেশিরাও এই খাবার পছন্দ করেন। সাউথ ইন্ডিয়ান খাবারের স্বাদ নিতে এই ফুড ফেস্টিভ্যাল তাদের জন্য একটা সুযোগ। খাবার দিয়ে আমরা একে অন্যের সঙ্গে যুক্ত হচ্ছি। আমাদের দুই দেশের খাবারের স্বাদ কাছাকাছি। আমাদের মশলা ও খাবারের ধরনও কাছাকাছি। আমরা নিয়মিতই সংস্কৃতি ও ঐতিহ্য বিনিময় করে থাকি। আমি মনে করি, খাবার তার একটার বড় অংশ।’

ছোলা দিয়ে তৈরি বিভিন্ন রকমের সালাদ, দৃষ্টিনন্দন চিংড়ি। পুষ্টিকর বিভিন্ন পদের বাদাম। সাজিয়ে রাখা হয়েছে ডাব, কাঁচা কলা। এ ছাড়াও ফেস্টিভ্যালে উপস্থিত বিভিন্ন স্টলের সেফরা সরাসরি বিভিন্ন পদের খাবার তৈরি করেও দিচ্ছেন।
গুলশানের অভিজাত এই হোটেলে খাবারের স্বাদ নিতে আসা ভোজনরসিকরা জানান, বাংলাদেশে ভারতের যেসব খাবার পাওয়া যায়, সেগুলোর মাঝে প্রকৃত স্বাদ পাওয়া যায় না। তবে এখানে প্রায় সব খাবারেই ভিন্ন রকম স্বাদ। যা আমাদের প্রকৃত খাবারের মজা আস্বাদনের সুযোগ করে দিয়েছে।
পুরো আয়োজনে ফুটে উঠেছিল ভারতীয় সংস্কৃতি। ছিল বাহারি পিঠাপুলি, নাড়ু, মিষ্টির বিশাল পসরা। সঙ্গে আম-কাঁঠালসহ বিভিন্ন ফল কাটা হয়েছে শৈল্পিক নকশায়। খেতে যেমন ভালো লাগবে, দেখেও চোখ জুড়াবে।
হোটেল রেনেসাঁর ম্যানেজার মো. আল আমিন বলেন, ‘আমরা সবাই দোসা খাই। আপনি বাইরের রেস্টুরেন্টে যে দোসা পাবেন, সেটার সঙ্গে এই দোসার পার্থক্য হলো, এটা তামিল সেফের হাতে তৈরি। আর এজন্যই আপনাদের কাছে প্রকৃত স্বাদটা তুলে ধরতে এই আয়োজন করেছি।’
আয়োজকরা বলেন, বাংলাদেশের মানুষের জন্য ইন্ডিয়ান খাবারের স্বাদ তুলে ধরতে এই আয়োজন। এবারের আয়োজনে বুফেতে নানা স্বাদের ১৮০ ধরনের খাবার রয়েছে। প্রতিবেশী দেশ ভারতের খাবারের প্রতি বাংলাদেশের মানুষের রয়েছে আলাদা আকর্ষণ। হোটেল রেনেসাঁয় আয়োজিত সাউথ ইন্ডিয়ান খাবারের এই বর্ণাঢ্য আয়োজন ভোজনরসিক বাঙালির খাদ্যবিলাসে বাড়তি তৃপ্তি এনে দেবে, এ কথা নিশ্চিতভাবে বলা যায়।