প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৪ ১৪:৪০ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৪ ১৪:৫৮ পিএম
শনিবার সকালে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টর পার্কে ঢাকা নর্থ মেয়র বাস্কেটবল টুর্নামেন্ট-২০২৪-এর উদ্বোধন অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম। প্রবা ফটো
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)-এর মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘যে তরুণগুলো মাদককে ‘না’ বলতে পারে তারাই প্রকৃত স্মার্ট ,তারাই মডার্ন। কারণ তারা জানে মাদক একটি নীরব ঘাতকের নাম, সব শেষ করে দেয়। তাই মাদক থেকে নিজেকে দূরে এবং খেলাধুলায় নিজেকে বেশি ব্যস্ত রাখতে হবে।’
শনিবার (২৯ জুন) সকালে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টর পার্কে ঢাকা নর্থ মেয়র বাস্কেটবল টুর্নামেন্ট-২০২৪ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি মেয়র শিশু-কিশোরদের খেলাধুলার বিষয়ে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, একটি শিশুর সুষ্ঠু মেধার বিকাশ ঘটে খেলাধুলার মাধ্যমে। অভিভাবকদের আরও বেশি যত্নশীল হতে হবে। তাদের দামি দামি মোবাইল ফোন না কিনে দিয়ে খেলার সামগ্রী কিনে দিন। তারা ঠিকই মাঠে নেমে আসবে।
তিনি বলেন, বাচ্চাদের হাতে হাতে ফোন। দিনরাত তারা সেটা নিয়ে পড়ে থাকছে। তাদের এ অভ্যাসগুলো পরিবর্তন করতে হবে। আমাদেরই পরিবর্তন করার ব্যপারে সহযোগিতা করতে হবে।
খেলাধুলার দরজা সবার জন্য উন্মুক্ত উল্লেখ করে মেয়র বলেন, সিটি করপোরেশন তরুণ প্রজন্মকে স্বাগত জানাতে রেডি। আমরা সব সময় তাদের পাশে থাকব।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী, সাবেক সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ।
উদ্বোধন শেষে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। টুর্নামেন্টে ৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন একাডেমির টিম অংশগ্রহণ করবে।