প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৪ ২১:০৯ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৪ ২২:১৪ পিএম
আলোচিত সাদেক অ্যাগ্রোতে উচ্ছেদ অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। উচ্ছেদ কার্যক্রম পরিচালনায় ৩ প্লাটুন পুলিশ চেয়ে বুধবার (২৬ জুন) ডিএমপি পুশিল কমিশনারকে চিঠি দিয়েছে ডিএনসিসি।
সংস্থাটির প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মাহে আলম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল ৫ এর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় অবৈধ স্থাপনাসহ খাল ও সড়কের জায়গায় সাদেক অ্যাগ্রো লি. কর্তৃক অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ জন্য বৃহস্পতিবার সকাল ১০টায় ২ প্লাটুন পুরুষ ও এক প্লাটুন মহিলা পুলিশ ফোর্স চাওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সংস্থাটির অঞ্চল ৫ এর নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান এ উচ্ছেদ অভিযান পরিচালনা করবেন।
এর আগে প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও জাল-জালিয়াতির মাধ্যমে পশু আমদানি এবং বিক্রি নিয়ে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় একাধিক প্রতিবেদন ছাপা হয়। যেখানে বলা হয় উচ্চ বংশীয় গরু বলে কোটি টাকা পর্যন্ত বিক্রি করে সাদেক অ্যাগ্রো।
সিটি করপোরেশন সূত্র বলছে, দীর্ঘদিন ধরে সাদেক অ্যাগ্রো মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় সড়ক ও লাউতলা খালের জায়গা দখল করে রেখেছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করবেন তারা।