× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় উদ্ভিদ উদ্যানের প্রবেশমূল্য নিয়ে চিন্তিত খোদ পরিচালক

আরিফুল ইসলাম আদীব

প্রকাশ : ২৫ জুন ২০২৪ ২২:৪৯ পিএম

আপডেট : ২৬ জুন ২০২৪ ০৯:০১ এএম

জাতীয় উদ্ভিদ উদ্যান। প্রবা ফটো

জাতীয় উদ্ভিদ উদ্যান। প্রবা ফটো

জাতীয় উদ্ভিদ উদ্যানের প্রবেশমূল্য একলাফে পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে। এতে প্রবেশমূল্য ২০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১০০ টাকা হয়েছে। আগামী ৪ জুলাই থেকে এটি কার্যকর হবে।

প্রবেশমূল্য পাঁচগুণ বৃদ্ধি হওয়ায় ঘুরতে আসা সবাই ক্ষোভ প্রকাশ করেছেন। চিন্তিত গার্ডেনের পরিচালকও।

ময়মনসিংহ থেকে ঢাকায় এসেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তাসলিমা আক্তার। তিনি বলেন, ‘যেহেতু ঢাকায় এসেছি মেয়েকে নিয়ে ঘুরতে এলাম জাতীয় উদ্ভিদ উদ্যানে, মূল্যবৃদ্ধি আমার কাছে মনে হয়েছে অতিরিক্ত। এখানে নানা ধরনের লোক আসেন, সবার আর্থিক সামর্থ্য এক নয়।’

‘আমরা আসব না, ১০০ টাকা হলে জুলুম হয়ে যায়, যারা বড়লোক তারা আসবে, আমরা মত কামলা মানুষ আসবে না’- এভাবে ক্ষোভ প্রকাশ করেন পেশায় রাজমিস্ত্রী মোহাম্মদ রায়হান।

কিশোরগঞ্জ থেকে ঘুরতে আসা ব্যবসায়ী জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা বছরে একবার আসি, ১০০ টাকা হলে পাবলিক ঢুকবে না, সরকারের লস হবে, ১০ টাকা করুক, দর্শনার্থী বাড়াতে টাকা কমানো উচিত।’

মিরপুর থেকে আসা শিক্ষার্থী ইমতিয়াজ নাহিদ বলেন, ‘১০০ টাকা অনেক বেশি, সবাই আসতে পারবে না, সামর্থ্য নাই।’

জাতীয় উদ্ভিদ উদ্যানের পরিচালক শওকত ইমরান আরাফাত প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বন বিভাগের আওতাধীন সব উদ্ভিদ উদ্যান, ইকোপার্ক, সাফারি পার্কের জন্য অর্থমন্ত্রণালয় থেকে নতুন প্রবেশমূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। জাতীয় উদ্ভিদ উদ্যানের প্রবেশমূল্য ১২ বছরের বেশি বয়সীদের জন্য ১০০ টাকা, ১২ বছরের কম বয়সীদের জন্য ৫০ টাকা, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থী গ্রুপ ১০০ জনের জন্য মোট ১০০০ টাকা, সকালে প্রাতঃভ্রমণের জন্য বার্ষিক ফি নামমাত্র ৫০০ টাকা। এ ছাড়া বিদেশি পর্যটকদের জন্য ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘যেহেতু এটি সংরক্ষিত এলাকা, আমরা সাধারণত শিক্ষা সফরের জন্য অনুমতি দেই না, গবেষণা ও ইকো ট্যুরিজমের জন্য অনুমোদন হয়। সাধারণত রবিবার চিড়িয়াখানা বন্ধ থাকায় দর্শনার্থী বেশি আসে দুই থেকে আড়াই হাজার, অন্যান্য দিনে গড়ে পাঁচশো থেকে এক হাজারের মধ্যে থাকে।’

তিনি আরও বলেন, ‘নতুন নির্ধারিত প্রবেশমূল্য নিয়ে আমি নিজেও টেনশনে আছি, কারণ এখানে একটা অ্যানুয়াল পারফরম্যান্স এগ্রিমেন্ট আছে, আমাকে এত লাখ টাকা রেভিনিউ দিতে হবে, এত সংখ্যক দর্শনার্থী আনতে হবে, আমাদের সাধারণ মানুষের মধ্যে ইকোসিস্টেম সার্ভিস নিয়ে সচেতনতা নাই। দর্শনার্থী যে কমে যাবে, এটা আামর জন্যও টেনশনের। এটার জন্য আমাদের প্রচার ও প্রমোশনের জন্য কাজ করতে হবে।’

বন বিভাগ কর্তৃপক্ষের দাবি এটা সংরক্ষিত এরিয়া, সবার জন্য না, প্রবেশমূল্য বৃদ্ধি হওয়ায় অযাচিত দর্শনার্থীরা আসবে না, এতে বনের প্রাণী ও উদ্ভিদ ভালো থাকবে।

ঢাকার মিরপুরে ২১৫ একরের জায়গাজুড়ে অবস্থিত জাতীয় উদ্ভিদ উদ্যান। এখানে এক হাজারের অধিক প্রজাতির উদ্ভিদ রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা