প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৪ ১০:০২ এএম
আপডেট : ২৩ জুন ২০২৪ ১৩:২৩ পিএম
ফাইল ফটো
রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে রাবেয়া নামে এক শিশুর পা বিচ্ছিন্ন হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২২ জুন) রাত পৌনে ১০টার সময় খিদমাহ হাসপাতালের সামনের রেল লাইনে এ ঘটনা ঘটে। মায়ের চিকিৎসার জন্য গ্রাম থেকে ঢাকায় এসে ট্রেনের নিচে কাটা পড়ে বলে জানিয়েছে স্বজনরা।
রাবেয়ার গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুর থানার চরহাইলা কাঠি গ্রামে। সে গ্রামের একটি স্কুলে তৃতীয় শেণিতে পড়ে। বাবা রফিক মোল্লা কৃষক। দুই ভাই দুই বোনের মধ্যে রাবেয়া ছোট।
ঢাকা মেডিকেলের পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিশুটিকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বাম পা বিচ্ছিন্ন ও ডান পা থেঁতলে গেছে।
ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার এসআই এসএম রাকিবুল হক স্বজনদের বরাতে বলেন, আহত রাবেয়ার মা মুন্নি বেগম ঝালকাঠি থেকে চিকিৎসার জন্য শুক্রবার ঢাকায় এসে দক্ষিণ বনশ্রীর বড় বোনের বাসায় ওঠেন। শনিবার সন্ধ্যায় শান্তিবাগে ডাক্তার দেখানো শেষে মেয়ে ও বোনকে নিয়ে বাসায় ফিরছিলেন মুন্নি। খিলগাঁও খিদমাহ হাসপাতালের পাশে রিকশা থেকে নেমে রাবেয়া হাত থেকে ছুটে রেললাইন পার হতে গেলে কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কা লেগে নিচে পড়ে যায়। এতে শিশুটির বাম পা কাটা পড়ে ও ডান পা থেঁতলে যায়। পরে তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে যায় স্বজনরা।