প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২২ ২০:৫৪ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২২ ২১:০১ পিএম
ডিএনসিসির অভিযানে রায়েরবাজারে অবৈধ শতাধিক দোকান গুঁড়িয়ে দেওয়া হয়। ছবি : প্রবা
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৪ নম্বর ওয়ার্ডের রায়েরবাজারে সংস্থার পরিত্যক্ত মার্কেটের শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।
ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এসব দোকান উচ্ছেদ করেছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর জানান, প্রথমবার ২০০৬ এবং দ্বিতীয়বার ২০১৯ সালে ঘোষিত পরিত্যক্ত ভবনটির সামনের অংশে অবৈধভাবে গড়ে ওঠা বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করা হয়। দ্বিতীয় তলায় অনুমোদনবিহীন বর্ধিত অংশের দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়। অনুমোদনবিহীন অবৈধভাবে দ্বিতীয় তলায় যাওয়ার জন্য নির্মিত র্যাম্পটি ভেঙে দেওয়া হয়। এ সময় উন্মুক্ত নিলামের মাধ্যমে পুরাতন রড ও কিছু শেড ৪৮ হাজার টাকায় বিক্রি করা হয়।
তিনি বলেন, পরিত্যক্ত ভবনটিতে সিটি করপোরেশনের পক্ষ থেকে সতর্কীকরণ বার্তার একটি ব্যানারও টাঙিয়ে দেওয়া হয়। কিন্তু পরে একটি মহল ঝুঁকিপূর্ণ এই মার্কেটে অবৈধভাবে দোকান বসিয়ে ব্যবসা করে যাচ্ছিল। এ জন্য সিটি করপোরেশন থেকে অভিযান চালিয়ে এসব দোকান উচ্ছেদ করা হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন।