× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শহীদ আনোয়ারা উদ্যান ফেরতের দাবি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জুন ২০২৪ ১৮:৩০ পিএম

মঙ্গলবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ভবনের সামনে শহীদ আনোয়ারা উদ্যান ফেরতের দাবিতে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

মঙ্গলবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ভবনের সামনে শহীদ আনোয়ারা উদ্যান ফেরতের দাবিতে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

ফার্মগেট শহীদ আনোয়ারা উদ্যান রক্ষার দাবিতে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় মেয়র বরাবর উদ্যান বিষয়ক একটি প্রস্তাব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ভবনের সামনে ‘ফার্মগেট শহীদ আনোয়ারা উদ্যান রক্ষা আন্দোলন’ এর ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘ফার্মগেট শহীদ আনোয়ারা উদ্যান রক্ষা আন্দোলন’ এর পক্ষ থেকে গত ১৮ মে শহীদ আনোয়ারা উদ্যান থেকে মেট্রোরেলের নির্মাণ সামগ্রী অপসারণ করে উদ্যানটি পূর্বাবস্থায় ফিরিয়ে নেওয়ার কাজ শুরু করার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, গণপূর্ত অধিদপ্তর ও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষকে ৩০ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছিল।

সমাবেশে সকল শ্রেণী-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। সমাবেশে বক্তারা দেশ জুড়ে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের সমালোচনা করেন। একইসঙ্গে তারা ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত উনসত্তরের গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত ফার্মগেটের ঐতিহাসিক শহীদ আনোয়ারা উদ্যানসহ ঢাকার অন্যান্য উদ্যান দখলমুক্ত করে জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, ‘ফার্মগেটে শহীদ আনোয়ারা উদ্যানের এই জায়গাটি গণপূর্ত অধিদপ্তরের। এটির রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের দায়িত্ব ঢাকা উত্তর সিটি করপোরেশনের। পরবর্তীতে গণপূর্ত অধিদপ্তরের অনুমতি নিয়ে ২০১৮ সাল থেকে জায়গাটি মেট্রোরেলের প্রকল্প অফিস ও নির্মাণ উপকরণ রাখার কাজে ব্যবহার করে আসছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। মেট্রোরেলের নির্মাণ কাজ শেষে এই উদ্যান ফিরিয়ে দেওয়ার কথা থাকলেও এখন বাণিজ্যিক প্লাজা তৈরি করে জায়গাটি নিজেদের করে নিতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ। এ নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গত অক্টোবরে ফার্মগেটের ফুট ওভারব্রিজ উদ্বোধনের সময় শহীদ আনোয়ারা উদ্যান উদ্ধারের প্রতিশ্রুতি দিলেও এই বিষয়ে কোনও অগ্রগতি দেখা যাচ্ছে না।’

বক্তারা আরও বলেন, ‘খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন অনুযায়ী মহানগরী, বিভাগীয় শহর ও দেশের সকল পৌর এলাকার খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান, জলাধারের জায়গার শ্রেণি পরিবর্তন, অন্য কোনভাবে ব্যবহার বা ব্যবহারের জন্য ভাড়া, ইজারা বা অন্য কোনভাবে হস্তান্তর করা যাবে না। ঢাকা বিশদ উন্নয়ন পরিকল্পনা (ড্যাপ) ২০২২-২০৩৫ অনুযায়ী ফার্মগেট শহীদ আনোয়ারা উদ্যান ঢাকা উপ-অঞ্চল ২৬ এর অন্তর্ভুক্ত যেখানে এটিকে উন্মুক্ত স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব আইনি দলিলের নিরিখে এটি স্পষ্ট যে আনোয়ারা উদ্যানে মেট্রোরেলের নির্মাণ সামগ্রী রাখতে অনুমতি দেওয়া বা মেট্রোরেলের অস্থায়ী কার্যালয় স্থাপনের অনুমতি দেওয়ার কোন বৈধতা নেই।’

সমাবেশ থেকে ডিএনসিসি মেয়রকে ফার্মগেট শহীদ আনোয়ারা উদ্যান হতে কবে ডিএমটিসিএল কর্তৃপক্ষ তাদের অস্থায়ী স্থাপনা ও সরঞ্জামাদি সরিয়ে নিবে সে বিষয়ে একটি নির্দিষ্ট দিনক্ষণ নির্ধারণ, ডিএমটিসিএল কর্তৃপক্ষ মেট্রো স্টেশন রাস্তা ও পিলার নির্মাণের জন্য উদ্যানের মূল জমিনের কতটুকু ব্যবহার করেছে এবং অবশিষ্ট জমির পরিমাপ, ও উদ্যান পুনর্গঠনের কাজ কবে হতে শুরু হবে তার রূপরেখা গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করার দাবি জানান ফার্মগেট শহীদ আনোয়ারা উদ্যান রক্ষা আন্দোলনের সমন্বয়ক আমিরুল রাজিব।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনের অন্যতম সংগঠক সৈয়দা রত্না, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর সাধারণ সম্পাদক আলমগীর কবির, ফার্মগেট এলাকাবাসীর পক্ষ থেকে খান আসাদুজ্জামান মাসুম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মো. মঈন উদ্দিনসহ অনেকে।

সমাবেশ শেষে মেয়রের কাছে দাবিদাওয়াসমূহ প্রস্তাবনা আকারে স্মারকলিপি তুলে ধরেন আন্দোলনকারীরা। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তারা ফার্মগেট শহীদ আনোয়ারা উদ্যান পুনরুদ্ধারের ব্যাপারে প্রতিশ্রুতি দেন এবং আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

এই সমাবেশে সংহতি জানিয়েছে, স্থানীয় এলাকাবাসী, ধানমন্ডি সাতমসজিদ সড়ক গাছ রক্ষা আন্দোলন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ পরিবেশ আইনজীবি সমিতি (বেলা), বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স (বিআইপি), নারীপক্ষ, বারসিক, পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), পরিজ্ঞা, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ মহিলা পরিষদ, দুনিয়াদারি আর্কাইভ, প্রাকৃতিক কৃষি, মিশন গ্রিন বাংলাদেশ, স্ট্যান্ড ফর আওয়ার এন্ডোন্জার্ড ওয়াইল্ডলাইফ (সিড), গ্রীণ ভয়েস, সিআরবি রক্ষা আন্দোলন-চট্টগ্রাম, ধরিত্রী রক্ষার আমরা (ধরা), তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলন, বায়ুমণ্ডলীর দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস), ডব্লিউবিবি ট্রাস্ট, বরেন্দ্র ইউথ ফোরাম, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, প ফাউন্ডেশন, ইনস্টিটিউট ফর প্লানিং এন্ড ডেভেলপমেন্ট (আইপিডি), বাংলাদেশ প্রকৃতি সংরক্ষণ জোট (বিএনসিএ), নাট্যদল প্রাচ্যনাট, জলপুতুল পাপেট স্টুডিও, সেভ ফিউচার বাংলাদেশ, সবুজ পাতাসহ নানান শ্রেণী পেশায় ব্যক্তি ও সংগঠন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা