প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৪ ০৯:১১ এএম
আপডেট : ১১ জুন ২০২৪ ১০:২১ এএম
টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুন। প্রবা ফটো
দেশের পরিচিতমুখ টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় গত রবিবার একটি মামলা করেন তার কথিত বান্ধবী। সে মামলায় সোমবার (১০ জুন) রাতে তাকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট জোনের অতিরিক্ত উপকমিশনার সাজ্জাদ ইবনে রায়হান বলেন, ধর্ষণের অভিযোগে মামুনের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় মামলা হয়েছে। কুমিল্লা পুলিশের সহযোগিতায় তাকে আটক করে ঢাকায় আনা হয়েছে।
মামলার অভিযোগে ওই নারী বলেন, বিবাদী প্রিন্স মামুনের সঙ্গে তিন বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে তার পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করেন মামুন।
মামলার এজাহারে আরও বলা হয়, ওই নারীকে মামুন জানান তার ঢাকায় থাকার মতো নিজের কোনো বাসা নেই। প্রেমের সম্পর্ক এবং বিয়ের কথা বলায় সরল মনে বিশ্বাস করে মামুনকে নিজের বাসায় থাকতে দেন ওই নারী।
তার অভিযোগ, একাধিকবার বিয়ের বিষয় বললেও মামুন বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। সর্বশেষ গত ১৪ মার্চ মামুন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। পরে বিয়ের কথা বললে মামুন ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। মামুনের মা-বাবার সঙ্গে যোগাযোগ করলে তারাও গালিগালাজ করেন। পরে তিনি মামলা করেন।