প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুন ২০২৪ ২২:৫৮ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৪ ২৩:১০ পিএম
সিয়েরা লিওন সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল পিটার কাকোউ লাভাহুন বুধবার (৫ জুন) সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সেনাসদরে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আইএসপিআর জানায়, সাক্ষাতকালে তারা শুভেচ্ছা বিনিময় ছাড়াও দুদেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাবাহিনী প্রধান তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য সিয়েরা লিওন সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফকে ধন্যবাদ জানান।
সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাতের আগে সিয়েরা লিওন সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল পিটার কাকোউ লাভাহুন শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সেখানে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকষ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
সিয়েরা লিওন সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ বৃহষ্পতিবার (৬ জুন) বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিতব্য ৮৬তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ দেখতে সরকারি সফরে বাংলাদেশে এসেছেন। তার এই সফর বাংলাদেশ ও সিয়েরা লিওনের মধ্যকার পারস্পরিক সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।