× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেলিযোগাযোগ আইন সংস্কার

বিরোধ নিষ্পত্তি, অতি উচ্চ হারে জরিমানা ও ক্ষতিপূরণে ভিন্নমত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুন ২০২৪ ১৬:১২ পিএম

বুধবার সকালে রাজধানীর আগারগাওস্থ তথ্য ও প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে আয়োজিত গোলটেবিল আলোচনা। প্রবা ফটো

বুধবার সকালে রাজধানীর আগারগাওস্থ তথ্য ও প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে আয়োজিত গোলটেবিল আলোচনা। প্রবা ফটো

সরকার যখন সুদূরপ্রসারী ‘স্মার্ট বাংলাদেশ ভিশন- ২০২৪’ বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সেসময় নতুন করে টেলিযোগাযোগ আইনকে ঢেলে সাজানোর কাজ হাতে নেওয়া হয়েছে। তবে এই  আইনের খসড়ায় কিছু কিছু বিষয়ে টেলিযোগাযোগ খাত সংশ্লিষ্টদের ভিন্নমত আছে। বিশেষ করে বিরোধ নিষ্পত্তি, অতি উচ্চ হারে জরিমানা ও ক্ষতিপূরণ, যে কোন ধরনের অপরাধকে জামিন অযোগ্য বলে বিবেচনা করা, দ্বায়মুক্তি ইত্যাদিসহ আরও বেশকিছু ধারা পরিবর্তন করা প্রয়োজন বলে খাত সংশ্লিষ্টরা মনে করেন।

বুধবার (৫ জুন) সকালে রাজধানীর আগারগাওস্থ তথ্য ও প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব মত প্রকাশ করেন। 

গোলটেবিলে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বিশেষ অতিথি ছিলেন বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ। এতে সম্মানিত অতিথি (গেস্ট অফ অনার) এমটবের সভাপতি ইয়াসির আজমানসহ দেশের টেলিযোগাযোগ খাতের সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, শিক্ষাবিদ, পদস্থ কর্মকর্তারা অংশ নেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে বিটিআরসির ভাইস-চেয়ারম্যান মো. আমিনুল হক এবং মোবাইল অপারেটর রবি আজিয়াটার চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম।

আইনের খসড়াটি নিয়ে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টিআরএনবি (টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টারস নেটওয়ার্ক বাংলাদেশ) এই গোলটেবিলের আয়োজন করে। সহযোগিতা করে মোবাইল অপারেটরদের সংগঠন এমটব (এসোসিয়েশন অফ মোবাইল টেলিকম অপারেটরস অফ বাংলাদেশ)।

গোলটেবিল বৈঠকটি সঞ্চালন করেন টিআরএনবির সভাপতি রাশেদ মেহেদী ও স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন।

বৈঠকে বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পরে দেশ যখন স্মার্ট বাংলাদেশের পথে যাত্রা শুরু করেছে এবং বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করা হচ্ছে সে সময় আইনের খসড়ার কিছু দিক নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। খসড়া আইনের বিভিন্ন দিক তুলে ধরতে গিয়ে বক্তারা বলেন, বিরোধ নিষ্পত্তির জন্য দেশে ২০০১ সালে প্রণীত একটি পৃথক আইন থাকা সত্ত্বেও খসড়ায় এ সংক্রান্ত ধারা সন্নিবেষিত করা হয়েছে যা নতুন করে সমস্যা তৈরি করবে। খসড়ায় সর্বোচ্চ ৩০০ কোটি টাকাসহ উচ্চ জরিমানার বিধান রয়েছে যা অনেক বেশি।

খাত সংশ্লিষ্টরা বলেন, প্রশাসনিক জরিমানাই এক ধরনের শাস্তি, এর ওপরে অতিরিক্ত ক্ষতিপূরণের প্রস্তাব করা হয়েছে খসড়ায় যা ব্যবসাবান্ধব নয়। এতে এই খাতের লাইসেন্সিদের অপরাধকে জামিন অযোগ্য অপরাধ বলে বিবেচনা করা হয়েছে। এতে সরকার বা কমিশনকে তাদের কোনো কাজের দ্বায়মুক্তি দেওয়া হয়েছে এবং তাদের কোনো পদক্ষেপের ওপর কোনো দেওয়ানী আদালতের এখতিয়ার থাকবে না বলে বলা হয়েছে। এ ধরনের বিধান সাংবিধানিক অধিকার এবং দেশের আইন প্রণয়নের চেতনার পরিপন্থী।

আলোচকরা বলেন, আইনে এমন কোনো ধারা থাকা উচিত নয় যা দেশী ও বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করে। তারা সরকারের কাছে খাত সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি আইন প্রণয়নের অনুরোধ করেন।

গোলটেবিল আলোচনায় আরও অংশ নেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নূরুল মাবুদ চৌধুরী (অতিরিক্ত দায়িত্ব), বাংলালিংক ডিজিটালের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার হ্যান্স মার্টিন হেনরিকসন, এমটব মহাসচিব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুলফিকার, মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জাকারিয়া শহীদ, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশনের সভাপতি ইমদাদুল হক, ব্র‍্যাক ইউনিভার্সিটির অধ্যাপক সাইমুম রেজা তালুকদার প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা